
কলকাতা: ‘চিরদিন বিজেপি থাকবে না… ডায়েরিতে সব নোট করা থাকছে।’ এই ভাষাতেই বিজেপিকে কড়া বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মধ্যরাতের হামলা’ নিয়ে অভিযোগ তুলে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সরব হন তিনি। এমনকী দিল্লিতে গিয়ে ধর্না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এদিন ভোররাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের (Camac Street) অফিসে আচমকা ঢুকে পড়ে কিছু দুষ্কৃতী। সেখানে জিনিসপত্র লুঠ করা হয় বলে অভিযোগ। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্টও করেছেন সাংসদ। এদিনই ফেসবুক লাইভে ধর্নায় বসার হুঁশিয়ারি দেন মমতা।
মমতা বলেন, “কলকাতার বুকে যদি মধ্যরাতের বর্বরতা চলতে পারে, তাহলে গ্রামে কী হচ্ছে ভাবতে পারেন!” ক্যামাক স্ট্রিটের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যরাতে গুণ্ডাদের পাঠানো হয়েছিল। কম্পিউটার লুঠ করেছে, দলিল থেকে শুরু করে সব কাগজ তছনছ করা হয়েছে। আমাদের ৪ জনকে ভিতরে আটকে রেখে দিয়েছিল। শেক্সপীয়র সরণি থানার নাকের ডগায় হয়েছে। কোন কোন থানা কী করছে, সব থানার ভূমিকা আমরা ডায়েরিতে নোট করে রাখি।”
‘কোথায় আমার জেড প্লাস?’ প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রথম থেকেই জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। মিথ্যা কথা বলা হচ্ছে। কতদিন এই অত্যাচার চলবে? কতদিন দুঃশাসন রাজ চলবে?”
হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “পুলিশি অত্যাচার বন্ধ না হলে প্রয়োজনে দিল্লি যাব। বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্না দেব।” সব শেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলেন, “চিরদিন বিজেপি থাকবে না।”