
কলকাতা: ইমাম ভাতা দেওয়ার জন্য বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee)। তোষণের অভিযোগ তুলে কটাক্ষ করেছেন বিরোধীরা। ক্ষমতায় এসেই সেই ইমাম ভাতা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। শুধু ইমাম ভাতা নয়, কোনওরকম ধর্মীয় ভাতা দেওয়া হবে না বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এবার সেই ইমাম ভাতা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা।
রবিবার নিজের ফেসবুক পেজে একটি লাইভ ভিডিয়ো থেকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর থেকে ভোট প্রক্রিয়া- সব ইস্যুতেই বিজেপির বিরুদ্ধে তো দাগেন তিনি। সেখানেই এদিন ইমাম ভাতার কথা বলেন মমতা।
তিনি বলেন, “সব ফান্ড ওরা বন্ধ করে দিয়েছে। ইমাম ভাতাটা ধর্মের জন্য পেত না। জানেন, একবার একজনের পোলিও হয়েছিল হাওড়ায়। তার জন্য ভারত ব্ল্যাক লিস্টেড হয়ে গিয়েছিল। সেই সময় সমাজকে সচেতন করার জন্য ভাতা দেওয়া হয়। তাঁরা যাতে পড়াশোনায় এগিয়ে যান, সোশ্যাল ওয়ার্কে তাঁদের যুক্ত করার জন্য ভাতা দেওয়া হয়েছিল।”
এদিন তিনি রাজ্যের নতুন সরকারের নতুন বিধি নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আজান পছন্দ করেন না, প্রয়োজন হলে ডেসিবেলটা ধার্য করে দিন। সবার জন্য একই নিয়ম করুন।”
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার রাজ্যের ইমামদের ৩০০০ টাকা করে ও মোয়াজ্জেনদের ১৫০০ টাকা করে ভাতা দিত। গত ফেব্রুয়ারিতে রাজ্যের অন্যান্য ভাতা বৃদ্ধি করা হলেও ইমাম ভাতা বাড়েনি, যা নিয়ে আক্ষেপের সুর ছিল ইমামদের গলায়। আর বিজেপি সরকার ইমাম ও পুরোহিতদের ভাতা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।