
নয়া দিল্লি: জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে সরব বিরোধীরা। ইতিমধ্যেই পথে নেমেছে ইন্ডিয়া জোট। এবার আন্দোলনে নামবে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে সমাবেশের ডাক দিয়েছে তারা। সেখানে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনটাই জোর জল্পনা।
নিট ইস্যুতে আন্দোলনে সাফল্যের পর এবার এসআইআর বিতর্ককে হাতিয়ার করেছে অভিজিৎ দীপকের দল। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আগামী ১০ অক্টোবর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। ককরোচদের আন্দোলনে যোগ দিতে পারেন কালীঘাট তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে নিট ইস্যুতে ককরোচ জনতা পার্টি যখন দিল্লির যন্তর মন্তরে আন্দোলন হচ্ছিল, তখনও সমর্থন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর দিল্লি যাত্রার আগেই ককরোচদের দাবি পূরণ হয়ে যায়। আন্দোলন উঠে যায়। এবার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির সমাবেশে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দলের তরফে এখনও এই খবরে সিলমোহর দেওয়া হয়নি।
এই নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “ককরোচদের আন্দোলনে ছাড়পোকারা যেতে পারেন। তাতে আমাদের কী। আমাদের কিছু যায় আসে না। সমস্ত রাজনৈতিক দল ন্যায়-নীতি বিসর্জন দিয়েছে। আরশোলারা তো অনুঘটক। তাদের সামনে রেখে সারা ভারতে অস্থিরতা সৃষ্টি করছে উইপোকা-ছাড়পোকার দল। এসব করে লাভ হবে না। সমস্ত প্রোপাগান্ডাই তৈরি হয়েছে ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে। এই নির্বাচন যত এগিয়ে আসবে, এরকম আরও অনেক কিছু দেখতে পাবেন। নির্বাচন কমিশনও একসঙ্গে বসে প্রেস কনফারেন্স করেছে। শুধু যারা রাস্তায় নেমে আন্দোলন করছে, তাদের কানে এটা পৌঁছচ্ছে না।”