
কলকাতা: অফিস টাইমে বড় বিপত্তি। শিয়ালদহ লাইনে পরপর বাতিল ট্রেন। যার জেরে ভোগান্তিতে নিত্য যাত্রীরা। বিশেষ করে এই সময় অফিস করে বাড়ি ফেরেন অনেকে। সেই সময়ই ট্রেন বাতিল হওয়ায় কার্যত সমস্যার মুখে যাত্রীরা।
কেন সমস্যা?
রেল সূত্রে খবর, এ দিন সন্ধের পর থেকেই একাধিক জায়গায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে বৃষ্টি। সেই সময়ই শিয়ালদহ মেন শাখার শিমুরালিতে ঝোড়ো হাওয়ার জেরে পড়ে যায় গাছ। একদম ট্রেনের তার ছিঁড়ে পড়ে রেল লাইনের উপরে। যার জেরেই ব্যহত ট্রেন পরিষেবা। আপাতত রানাঘাট-গেদে লাইনে যাবতীয় পরিষেবা বিঘ্নিত হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
প্রসঙ্গত, তপ্ত গরমে নাজেহাল হয়ে রয়েছেন স্থানীয় মানুষজন। অন্যদিকে, তপ্ত গরমে নাজেহাল হয়ে রয়েছেন স্থানীয় মানুষজন। উত্তরবঙ্গে আবহাওয়া অত্যন্ত মনোরম। তবে, সন্ধের পর থেকেই দক্ষিণবঙ্গে বদলে যায় আবহাওয়া। মুর্শিদাবাদ, বীরভূমের মতো একাধিক জায়গায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। খবর মিলছে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আহতও হয়েছেন দুজন। মৃত্যু হয়েছে একজনের। স্থানীয়দের দাবি, আবহাওয়া খারাপ থাকলেও জীবিকার তাগিদে অনেকেই মাঠে কাজ করতে বাধ্য হন। আর তখনই এমন ঘটনা।