
কলকাতা: সরকার বদলাতেই রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে স্বচ্ছতা অভিযান। গড়িয়াহাট মার্কেট পরিদর্শন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সকাল থেকেই মন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার আধিকারিক সহ পুর কর্মীরা। বারবার তাঁদের নরমে গরমে বোঝালেন সরকারের বদল হয়েছে, বদলাতে হবে মার্কেটের ছবি। যত্রতত্র পড়ে থাকা ময়লা, মাছের আঁশ দেখে বেজায় চটলেন মন্ত্রী। দোকানের বাড়তি অংশ দেখে দোকানদারদের দিকে ছুড়ে দিলেন প্রশ্ন। কেন বাড়ানো হয়েছে সেই প্রশ্ন সরাসরি করলেন। মনে করালেন ফাইনের কথা।
দোকানের সামনে গিয়ে বাড়তি নির্মাণ দেখে বললেন এটা সরকারের জায়গা,আপনি কেন দখল করবেন? সব শুনে সময় বেঁধে দিলেন মাত্র ১৫ দিন। তার মধ্যে পরিস্থিতির বদল করতে হবর এবং মন্ত্রী নিজে এসে দেখবেন। শেষে আবার মাসের ১ তারিখ থেকে ফাইনের রেট চার্টও বলে দিলেন মন্ত্রী।
নালা আছে কিন্তু যায় না মাছের জল। তা দেখেও রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল মন্ত্রীকে। সেই তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখলেন মাছের আঁশ বন্ধ করে দিচ্ছে নর্দমার মুখ। তখনই মন্ত্রীর প্রশ্ন, কেন এটা করেন? পরের বার যাতে মাছের আঁশ সরিয়ে জল ফেলা হয় সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন। ঘুরলেন ফলের মার্কেটেও। বারবার সতর্ক করলেন পুরসভার কর্মীদেরও। তাঁরা যাতে এখন থেকে নজরদারিতে কোনওরকম খামতি না রাখেন তাও বারবার মনে করিয়ে দেন। মন্ত্রীর সাফ কথা, “এটা শুভেন্দু অধিকারীর সরকার। এখানে কারও সুবিধার্থে, কারও স্বার্থে কোনও কাজ হবে না।”