
কলকাতা: বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নেপাল সরকার শতাধিক মানুষের মৃত্যুর কথা ঘোষণা করেছেন। বাংলা থেকে নিখোঁজ অন্ততপক্ষে ৩২ জন বাঙালি পর্যটক। TV9 বাংলার মেগা কনক্লেভের মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই নেপালের বিপর্যয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। নিখোঁজ পর্যটকদের পরিবারের পাশে থাকার বার্তা, সরকারের তরফ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, “৮০০ জন নিখোঁজের কথা বলা হয়েছে। তার মধ্যে ১৩৫ জন ভারতীয়। আমাদের বাংলায় ৩২ জন নিখোঁজ। কাল সন্ধ্যায় কলকাতা পুলিশের নগরপাল জানান, একটা ট্যুরিজম অর্গানাইজেশন নিয়ে গিয়েছিল। তাঁরা জানাচ্ছে, তাঁদের শেল্টারটা ওয়াশড্ আউট। আমরা খুবই উদ্বিগ্ন।”
মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা সেক্রেটারিয়েট থেকে ও পুলিশের হেড কোয়ার্টার থেকে কন্ট্রোল রুম চালাচ্ছি। আমি ইশ্বরে বিশ্বাস করি। ভগবানের কাছে প্রার্থনা করছি, তাঁরা সুস্থ অবস্থায় ফিরে আসবেন।” TV9 বাংলার এই প্ল্যাটফর্ম থেকে বন্ধুরাষ্ট্র নেপালের পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ২১ তারিখ ৩২ জন বাঙালি পর্যটক নেপালে গিয়েছেন। তাঁদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। শুধু এতটুকুই জানা গিয়েছে, বুধবার তাঁদের নেপাল-তিব্বত সীমান্ত পেরনোর কথা ছিল। ভ্রমণ সংস্থার আধিকারিক দিব্যজ্যোতি বসু জানিয়েছেন, গতকাল তাঁরা নেপাল বর্ডারের কাছাকাছি ছিলেন। তারপরই হড়পা বান আসে। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন।