
কলকাতা: অবশেষে কলকাতায় খুলল এনআইএ (NIA) থানা। এর আগে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোনও মামলার তদন্ত করতে গেলে মামলা রুজু করতে হত দিল্লিতে। কলকাতায় শুধুমাত্র শাখা অফিস ছিল। কিন্তু এবার সেখানে খুলল থানা। ঠিকানা রইল একই। নিউ টাউনের এনবিসিসি স্কোয়ারে রয়েছে এই দফতর।
এনআইএ-র আওতায় পড়ে, এমন মামলার তদন্ত করতে গেলে, প্রথমে মামলা রুজু করতে হয়। এতদিন সেই মামলা রুজু করতে হত দিল্লি অফিসে। সাধারণত এইভাবে থানা খুলতে গেলে, রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি দিতে হয়। তৃণমূল সরকারের আমলে এনআইএ-র তরফে আবেদন করা হলেও, অনুমোদন দেওয়া হয়নি বলে জানা যায়। এবার রাজ্যে নতুন সরকার আসার পর খোলা হচ্ছে এনআইএ থানা।
অন্যান্য থানার মতোই এই থানাতেও ওসি, সাব ইন্সপেক্টর, কনস্টেবলের মতো পোস্ট থাকে। এ রাজ্যে কোনও ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজনীয়তা থাকলে, তা তদন্ত করা হবে এই থানা থেকে। রাজ্যে পশ্চিমবঙ্গে বেলডাঙার অশান্তির মামলা, মালদহের মোথাবাড়ি-কাণ্ড থেকে শুরু করে একাধিক মামলার তদন্ত করছে এনআইএ। রাজ্যের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের মামলাতেও একাধিকবার তদন্তভার নিয়েছে এনআইএ।
সম্প্রতি রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে থানা তৈরির বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি অমিত শাহও রাজ্য সফরে এসে এই বিষয়ে পরামর্শ দিয়েছেন।