
কলকাতা: নিউটাউনে ধর্ষণ খুনের ঘটনায় তদন্তে সিআইডি। ইতিমধ্যেই তিন সদস্যের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। দেহটি ময়নাতদন্তের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ নাবালিকার বাড়ি থেকে বেরোনোর পর এলাকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেছে ওই নাবালিকাকে গৌরাঙ্গনগর থেকে জগৎপুরের দিকে হেঁটে যেতে দেখা গিয়েছে।
নিউটাউন লোহাপুরের কাছে নির্জন ঝোপঝাড়ের মধ্যে থেকে অর্ধনগ্ন অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ১০৩ (১) ধারায় খুন, ২৩৮ তথ্য প্রমাণ লুঠ, ৬৫(১) নাবালিকাকে ধর্ষণ, ৬৬ ধারায় ধর্ষণ করে খুন, ১৪০ (১) অপহরণ করে খুনে মামলা রুজু করা হয়েছে। প্রটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সচুয়াল অফেন্সে ৪/৬ ধারায় মামলা রুজু হয়েছে।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই নাবালিকাকে। খুনের আগে চলেছে যৌন নির্যাতন।
ওই নাবালিকার বাবা নেভিতে চাকরি করেন। তাঁর দুই মেয়ে। দুই বোনের মধ্যেই ঝামেলা হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ঝগড়া করেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তারপরই এই ঘটনা। শুক্রবার সকালেই লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলের ভিতর থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়।