
কলকাতা: স্বস্তি পেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। রক্ষা কবজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ বেশ কয়েকটি মিথ্যা এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন মামলা করেছিলেন জাহাঙ্গীর। হাইকোর্টের নির্দেশ, আগামী ২৬ শে মে পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে, সব রকম সহযোগিতা করতে হবে তাঁকে। তদন্তের ওপর কোনও রকম স্থগিতাদেশ নয় জানাল আদালত। যে কয়টি মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে শুধুমাত্র সেই কয়টি মামলাতে কোনও পদক্ষেপ করবে না পুলিশ। তবে, নির্বাচন কমিশনের জারি করা গাইডলাইন মেনে চলতে হবে জাহাঙ্গীর খানকে। ভোটার বা অন্য কাউকে হুমকি দিতে পারবেন না তিনি।
জাহাঙ্গীর খানের হয়ে এ দিন মামলা লড়েন আইনজীবী কিশোর দত্ত। আদালতে সওয়াল, মামলার পর পর মামলা দায়ের করছে পুলিশ। দায়ের হওয়া মামলা থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গ উল্লেখ জাহাঙ্গীরের। ২০২১ সালে তৎকালীন বিরোধী দলনেতাকে রক্ষাকবচ দিয়েছিল আদালত।
জাহাঙ্গীরের আবেদন, “আমার বিরুদ্ধে কয়টি মামলা দায়ের আছে সেটা জানানো হোক। ৯ বছরের পুরানো ঘটনা নিয়ে মামলা দায়ের হচ্ছে। একদিনের মধ্যে ৩ টি মামলা দায়ের হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণেই FIR দায়ের করছে পুলিশ।” এরপরই রাজ্যের সওয়াল, “নির্বাচনের দিন এই জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা কী কী ঘটনা ঘটিয়েছে সেটা দেখুন দয়া করে। জাহাঙ্গীর ভোটারদের ভয় দেখিয়েছেন, বুথ দখল করছেন এবং ব্যালট বিকৃত করেছেন। তাই নির্বাচন কমিশন বাধ্য হয়ে নির্বাচন বাতিল করে নতুন করে করার নির্দেশ দিয়েছে।”
এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় মামলাকারিকে নির্বাচনে অংশ নিতে হবে। ২৬ মে এই মামলার পরবর্তী শুনানি।