
সুজয় পাল, সৌভিক সরকার ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট
কলকাতা ও শিলিগুড়ি: আজও বাতিল উত্তরবঙ্গের ট্রেন। পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশনে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় গতকাল সকাল থেকেই ট্রেন চলাচল ব্যহত হচ্ছিল। রাতে উত্তরবঙ্গের প্রায় সমস্ত ট্রেনই বাতিল হয়ে যায়। আজ, শুক্রবারও একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ফরাক্কার উপর দিয়ে যাওয়া আরও বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। উত্তরবঙ্গের ট্রেন বাতিল হতেই চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। আর সুযোগ বুঝে চড়া দাম হাঁকছে বাস।
উত্তরবঙ্গগামী ট্রেন বন্ধের জেরে বাসের দিকে ঝুঁকে যাত্রীরা। শিলিগুড়িগামী বাসের টিকিটের মূল্য আকাশছোঁয়া। ভলভো বাসের টিকিট পৌঁছেছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায়। জনপ্রিয় বাস বুকিং অ্যাপগুলো থেকে টিকিট কাটতে গিয়ে চোখ কপালে যাত্রীদের। দেখা যাচ্ছে শ্য়ামলী পরিবহনের আজ রাতের বাস ভাড়া এখনই দেখাচ্ছে ৫ হাজার টাকা। ইজি রাইডেও বাস ভাড়া দেখাচ্ছে ৪৪৫০ টাকা। সৌজন্যে ডায়নামিক ফেয়ার। যেখানে চাহিদা বাড়লে টিকিটের দাম বাড়তে থাকে। কার্যত বিমান ভাড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে বাস ভাড়া।
আজকের বাস ভাড়া।
উত্তরবঙ্গের ট্রেন বাতিল হওয়ার কারণে যাত্রী ভোগান্তি চরমে। রাত থেকে ধর্মতলা সরকারি বাস কাউন্টারে প্রচুর ভিড়। সকাল থেকে ছয়টি বাস ছেড়েছে। সকাল ১১টা নাগাদও একটি বাস ছেড়েছে, যেটি বহরমপুর যাবে। তারপর যাত্রীদের ওখান থেকে নিজেদের গন্তব্যে যাবে। তবে ট্রেন বন্ধ হতেই বেসরকারি বাসগুলি বেশি ভাড়া চাইছে, এমনটাই বক্তব্য যাত্রীদের।
অন্যদিকে, শিলিগুড়িতেও একই ছবি। ট্রেন বাতিল হওয়ার পর, গতকাল রাত থেকেই বাড়তে শুরু করেছে বাস ও বিমানের ভাড়া। গতকাল শিলিগুড়ি-কলকাতা বাসের ভাড়া গড়ে ১৬০০ টাকার আশেপাশে ছিল। আজ সকাল থেকেই তা গড়ে তিন থেকে পাঁচ হাজার টাকায় পৌঁছেছে। বেলা গড়ালে তা আরও বাড়তে পারে বলেই অনুমান।
শিলিগুড়িতে পর্যটন সংস্থাগুলির পক্ষে সম্রাট সান্যাল জানিয়েছেন, বাস ভাড়া বেড়েছে। তিনি এর সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, “ডায়নামিক প্রাইসিং যেহেতু, তাই নিয়ম মেনেই চাহিদা বাড়লে বাসের ভাড়াও বাড়ে। তবে আমরা আবেদন করব এই ভাড়া খুব বেশি যেন না বাড়ে, তা দেখুক ভলভো বাস মালিকরা। পাশাপাশি সরকারের কাছেও আবেদন, এই পরিস্থিতিতে যেন বাড়তি বাস চালায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।”