
কলকাতা: উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে ইউসিসি বিলের (UCC Bill) খসড়া তৈরি করতে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করা হল এবার। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই-এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আবাসিক কমিশনার দুষ্যন্ত নারিয়ালা, আইএএস অফিসার শত্রুঘ্ন সিং, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা রত্না ভট্টাচার্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন গোপাল চন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক, বেঙ্গল সম্ভোগের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর নির্মাল্য ভট্টাচার্য।
কমিটির সদস্যরা এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে এই আইন নিয়ে মানুষের মত নেবেন বলে নবান্ন সূত্রে খবর। আগামী দেড় মাসের মধ্যে সকলের মতামত নিয়ে রাজ্যকে এই বিষয়ে সুপারিশ করবে ওই কমিটি। রাজ্যের আইন দফতর কমিটি গঠনের ব্যাপারে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার আগে দিল্লিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। অভিন্ন দেওয়ানি বিধি চালুর রূপরেখা কী হবে মূলত তা নিয়েই আলোচনা হয়েছে বৈঠকে।
ইতিমধ্যেই অসম ও উত্তর প্রদেশের আদলে বিলের ড্রাফট তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু একাধিক জনমত তৈরি হওয়ায় ওই কমিটি জনসাধারণের মতামতকে গুরুত্ব দিচ্ছে।