
কলকাতা: চলতি বছরের শুরুর দিকেই মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরদাকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানুয়ারির ১১ তারিখ তাকে পাকড়াও করেছিলেন এসটিএফের গোয়েন্দারা। এবার সেই মাও নেতাকে জেরা করতে আরও একজনের সন্ধান পেল পুলিশ। দিন কয়েক আগেই মাওবাদী নেতা কিশোরদাকে নিজেদের হেফাজতে নিয়েছিল কলকাতা পুলিশ। তাকে জেরা করে আরও তথ্যতালাশ শুরু হয়। উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই এবার সঞ্জয় মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশে স্পেশাল টাস্ক ফোর্স।
মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের এসটিএফ-এর অফিসাররা এক বিশেষ অভিযান চালান নরেন্দ্রপুর এলাকায়। স্পেশাল টাক্স ফোর্সের গোয়েন্দাদের অভিযানেই গতরাতে নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয় সঞ্জয় মণ্ডল নামে ওই ব্যক্তিকে। বছর তেতাল্লিশের ওই ব্যক্তির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকায় চণ্ডীপুর গ্রামে। মাওবাদী যোগ সন্দেহে গ্রেফতার ওই ব্যক্তিকে বুধবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ। বিচারক ওই ধৃতের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, জানুয়ারিতে গ্রেফতার হওয়া মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরদার বয়ান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার এই ব্যক্তিকে জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন পুলিশের তদন্তকারী অফিসাররা। তবে একেবারে শহর কলকাতার নাকের ডগাতেই এই মাওবাদী-যোগ সন্দেহে গ্রেফতারি নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। গোটা ঘটনার আরও বিশদে তদন্ত চালাচ্ছে পুলিশ।