Nabanna on DR: সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৫০ শতাংশ, পেনশনভোগীদের জন্য বড় সিদ্ধান্ত

Kolkata: প্রক্রিয়াটিকে দ্রুত ও স্বচ্ছ করতে রাজ্য সরকার WBiFMS-এর অধীনে একটি বিশেষ পোর্টাল চালু করা হচ্ছে। যার নাম 'ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল' (Bank Pension Management Portal)। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি এই পোর্টালে গিয়ে পেনশনভোগীদের তথ্য যাচাই ও আপডেট করার সঙ্গে-সঙ্গেই বকেয়া টাকা সরাসরি প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।

Nabanna on DR: সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ৫০ শতাংশ, পেনশনভোগীদের জন্য বড় সিদ্ধান্ত
নবান্নImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 07, 2026 | 7:46 PM

কলকাতা: কলকাতা পৌরসংস্থা (KMC) এলাকার রাজ্য সরকারি পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের জন্য বড় সুখবর। এক অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। ২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া মহার্ঘ ত্রাণ বা ডিআর (Arrear Dearness Relief)-এর আনুমানিক অঙ্কের ৫০ শতাংশ টাকা সরাসরি পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার অর্থ দফতরের পেনশন শাখা থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার ইতিপূর্বেই পেনশনভোগীদের বকেয়া ডিআর প্রদানের জন্য জোড়া বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু কলকাতা পৌরসংস্থা এলাকার ব্যাঙ্কগুলি থেকে পূর্বের পেনশন বিতরণের প্রয়োজনীয় ও যাচাই করা নথিপত্র বা বিবরণী না মেলায় সংশ্লিষ্ট প্রক্রিয়াটি আটকে ছিল। প্রবীণ পেনশনভোগীদের এই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ROPA ২০০৯-এর কাঠামো অনুযায়ী ২০০৮ সালের ১  এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য এই বকেয়া হিসাব করা হবে। পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (AG)-এর নথি এবং সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক (AICPI) মেনে এই আনুমানিক বকেয়া নির্ধারণ করা হচ্ছে।

প্রক্রিয়াটিকে দ্রুত ও স্বচ্ছ করতে রাজ্য সরকার WBiFMS-এর অধীনে একটি বিশেষ পোর্টাল চালু করা হচ্ছে। যার নাম ‘ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল’ (Bank Pension Management Portal)। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি এই পোর্টালে গিয়ে পেনশনভোগীদের তথ্য যাচাই ও আপডেট করার সঙ্গে-সঙ্গেই বকেয়া টাকা সরাসরি প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।

Follow Us