
কলকাতা: মেট্রো স্টেশনে সাপ! বিষাক্ত সেই সাপ দেখে আত্মারাম খাঁচা ছাড়া যাত্রীদের। শনিবার স্বাধীনতা দিবসে তুমুল শোরগোল শহরের অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন এসপ্লানেডে। কোথা থেকে এল ওই সাপ?
জানা গিয়েছে, কলকাতা মেট্রোর গ্রিন লাইনে অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে বিষাক্ত সাপের হদিস মেলে। গ্রিন লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঢুকে পড়ে আস্ত একটি সাপ। লম্বায় বেশ দীর্ঘ, তবে সরু আকারের ছিল সাপটি। আপাতদৃষ্টিতে বাচ্চা সাপ বলেই ধারণা।
সাপটি চার নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল নিজের মতো। আচমকা এক যাত্রী তাঁর পায়ের কাছে সাপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে ভয়ে-আতঙ্কে চিৎকার জুড়ে দেন। তাঁর দেখাদেখি বাকি যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। সাপ দেখে প্ল্যাটফর্মের যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, সাপটি বিষধর ছিল। স্টেশন মাস্টার বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সাহস দেখিয়ে সাপটিকে বোতলবন্দি করেন। এরপরে এসপ্ল্যানেড ট্রাম ডিপোর পিছনের দিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সাপটিকে। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। তবে ওই সাপটি কী করে মাটির নীচে থাকা গ্রিন লাইনের প্ল্যাটফর্মে পৌঁছে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।