
কলকাতা: রাজ্যজুড়ে দাবদাহ বাড়ছে। হাসপাতালগুলিতে গরমের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে এবার এল সতর্কবার্তা। সতর্কবার্তা স্বাস্থ্য ভবনের। গরমে বৈদ্যুতিন সামগ্রী আরও বেশি তপ্ত হয়ে ওঠে। তবে সেই তাপ যেন অগ্নিকাণ্ডের কারণ না হয়। স্বাস্থ্যভবন বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছে হাসপাতালগুলিকে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপরই সতর্কবার্তা স্বাস্থ্য ভবনের।
শুধু তাই নয়, রোগী পরিষেবা যাতে কোনওভাবে ব্যাহত না হয় সে কথা মাথায় রেখেও নির্দেশিকা দেওয়া হয়েছে। লোডশেডিংয়ের সময় যাতে পাওয়ার ব্যাকআপ থাকে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। বিশেষ নজর রাখতে বলা হয়েছে হেলথ ফেসিলিটির দিকেও। আইসপ্যাক, ওআরএস, ডায়ারিয়ার ওষুধ-সহ বিভিন্ন সামগ্রী যেন স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত রাখা হয়।
প্রবল গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। একের পর এক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। শুক্রবার পানাগড়ের তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পুরুলিয়া ছুঁয়েছে ৪১.৫। বাঁকুড়ায় ৪০.৫, মেদিনীপুরে ৪০.৫, আসানসোলে ৪০.০। দমদমে ৩৮.৩, সল্টলেকে ৩৮.০, আলিপুরে ৩৬.৭, তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে আজ। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় এদিন।