Calcutta High Court: তিলোত্তমাকাণ্ডের তদন্তে এবার সিবিআইকে ডেডলাইন কলকাতা হাইকোর্টের

Calcutta High Court on RG Kar Case: জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে রুদ্ধদ্বার শুনানি হয়েছে। এমনকী, তিলোত্তমার মা তথা পানিহাটির বিধায়ককেও শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাঁকে বাইরে অপেক্ষা করতে হয়। শুনানির পর জানা গিয়েছে, তদন্ত শেষে সিবিআইয়ের পক্ষ থেকে চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল।

Calcutta High Court: তিলোত্তমাকাণ্ডের তদন্তে এবার সিবিআইকে ডেডলাইন কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 28, 2026 | 4:46 PM

কলকাতা: তিলোত্তমাকাণ্ডে সিবিআইকে (CBI) সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আর জি কর মামলার (RG Kar Case) শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। এবার সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।

আর জি কর মামলা

কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আরজি কর মামলার শুনানি চলছে। এর আগে দু’বার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। গত ২৫ জুনের শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দুই বিচারপতির বেঞ্চ। স্পষ্ট করে দেওয়া হয়েছিল, পুরানো কোনও তদন্তকারী আধিকারিক নবগঠিত সিটে থাকবেন না। প্রশ্ন উঠছিল, তদন্ত কবে শেষ হবে?

এরপর ৬ অগস্ট। শুনানির একমাসের মাথায় আবারও আদালতে একই প্রশ্নের মুখে পড়ে সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, “আপনাদের রিপোর্টেই দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি এবং অসঙ্গতি ছিল। আমরা তো নির্দেশ দিয়েছি, সেগুলো খুঁজে বের করুন। এত সময় কেন লাগছে?” বিচারপতি শম্পা সরকার বলেন, ” ঘটনার রাত থেকে শেষ পর্যন্ত কী হয়েছে পুনরায় জানান। নতুন করে তদন্ত করুন। এভাবে কতদিন আমরা মামলা বিচারাধীন রাখব?” বিচারপতি সরকারের প্রশ্ন, “মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে?”

শুক্রবার ফের শুনানি

শুক্রবার ফের আর জি কর মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে রুদ্ধদ্বার শুনানি হয়েছে। এমনকী, তিলোত্তমার মা তথা পানিহাটির বিধায়ককেও শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাঁকে বাইরে অপেক্ষা করতে হয়। শুনানির পর জানা গিয়েছে, তদন্ত শেষে সিবিআইয়ের পক্ষ থেকে চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল।সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আদালত তদন্ত শেষ করার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে সিবিআইকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us