Sealdah Station: আপগ্রেড হল ‘ডায়মন্ড ক্রসিং’, ট্রেন চলাচল আরও নিরাপদ করতে শিয়ালদহ স্টেশনে বড় উদ্যোগ রেলের

এছাড়া নয়টি গ্লুড জয়েন্ট, ২০টি ট্র্যাক ও ক্রস জাম্পার এবং ৪৪টি বন্ড ওয়্যার পরিবর্তন করা হয়েছে। ফলে একই সময়ের মধ্যে ট্র্যাক এবং সিগন্যালিং ব্যবস্থার বেশ কিছু পুরনো উপাদানও প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে।

Sealdah Station: আপগ্রেড হল ডায়মন্ড ক্রসিং, ট্রেন চলাচল আরও নিরাপদ করতে শিয়ালদহ স্টেশনে বড় উদ্যোগ রেলের
শিয়ালদহ স্টেশনImage Credit source: Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 31, 2026 | 5:25 PM

কলকাতা: শিয়ালদহ স্টেশনের ইয়ার্ডে রেল পরিকাঠামো আরও মজবুত করতে রাতভর বড়সড় রক্ষণাবেক্ষণের কাজ করল পূর্ব রেল। টানা সাত ঘণ্টার ট্রাফিক ব্লক নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। পুরনো ৫২ কেজি রেলের পরিবর্তে গুরুত্বপূর্ণ একটি ডায়মন্ড ক্রসিংকে ৬০ কেজি রেল ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ট্র্যাক কাঠামোর স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা আরও বাড়বে বলে রেল সূত্রে খবর।

২৯ ও ৩০ অগস্ট রাতে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত শিয়ালদহ স্টেশনে এই বিশেষ কাজ চলে। KM 0/19–0/20 অংশের DN/ML লাইনে মূলত ডায়মন্ড সুইচ পয়েন্ট নম্বর ২০৮বি/২১৯এ-কে আধুনিকীকরণ করা হয়।

বদলানো হল পুরনো রেল কাঠামো

রেল সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ডায়মন্ড সুইচ পয়েন্টে ৫২ কেজি রেলের পরিবর্তে ৬০ কেজি রেল বসানো হয়েছে। এই কাজে মোট ৩৪.৭১ মিটার ৬০ কেজি রেল এবং সাতটি ৬০ কেজি প্রিফ্যাব্রিকেটেড গ্লুড জয়েন্ট ব্যবহার করা হয়েছে।

জায়গার পরিমাণ তুলনামূলক কম থাকায় কাজটি ছিল যথেষ্ট চ্যালেঞ্জের। তার মধ্যেই পুরনো পয়েন্ট মেশিন সরিয়ে নতুন গ্রাউন্ড ফিটিংস বসিয়ে ট্র্যাক কাঠামোকে নতুন করে সাজানো হয়।

এছাড়া নয়টি গ্লুড জয়েন্ট, ২০টি ট্র্যাক ও ক্রস জাম্পার এবং ৪৪টি বন্ড ওয়্যার পরিবর্তন করা হয়েছে। ফলে একই সময়ের মধ্যে ট্র্যাক এবং সিগন্যালিং ব্যবস্থার বেশ কিছু পুরনো উপাদানও প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে।

দমদম ইয়ার্ডেও রক্ষণাবেক্ষণ

এই ব্লকের সময় দমদম ইয়ার্ডের ৫ ও ৬ নম্বর লাইনেও বেশ কিছু বকেয়া রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। TRD বিভাগের উদ্যোগে চারটি ক্যান্টিলিভার মেরামত এবং আটটি ইনসুলেটর পরিষ্কার করা হয়েছে। দুটি সরে যাওয়া ক্যান্টিলিভারকে ফের নির্ধারিত অবস্থানে বসানো হয়।

এমনকি একটি পোর্টাল আপরাইট থেকে দুটি পাখির বাসাও সরিয়ে ফেলা হয়েছে, যাতে ওভারহেড বৈদ্যুতিক পরিকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে কোনও সমস্যা না থাকে।

সময় মেনেই শেষ কাজ

পূর্ব রেলের দাবি, ইঞ্জিনিয়ারিং, S&T এবং TRD বিভাগের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ফলেই নির্ধারিত সাত ঘণ্টার মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়েছে। সকাল ৭টায় নির্ধারিত সময় অনুযায়ী ট্রাফিক ব্লক তুলে দেওয়া হয়।

পূর্ব রেলের CPRO শিবরাম মাঝির বক্তব্য, এই কাজ আন্তঃবিভাগীয় সমন্বয়ের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। যাত্রী পরিষেবায় অতিরিক্ত বিঘ্ন না ঘটিয়ে শিয়ালদহ ইয়ার্ডের গুরুত্বপূর্ণ ট্র্যাক পরিকাঠামোকে আরও উন্নত করাই লক্ষ্য।

Loading...
Unable to load recommendations.
Follow Us