
কলকাতা: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান জেলে বসেই ফোন করে হুমকি দিচ্ছেন। এই অভিযোগ উঠছে। এও বলছেন, তিনি ছাড়া পাবেন। আর তারপরই ঘর-বাড়ি জ্বালিয়ে দেবেন। এই আবহের মধ্যেই জানা যাচ্ছে, আবারও জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শেখ শাহজাহান।
বুধবার PMLA আদালতে জামিনের আবেদন শাহজাহানের। এই নিয়ে দ্বিতীয় বার জামিনের আবেদন করলেন সন্দেশখালির স্বঘোষিত ‘বাঘ’। এ দিন, কোর্টে শাহজাহানের আইনজীবী জানিয়েছেন,তাঁর গ্রেফতারি বেআইনি। সেই কারণে জামিন দেওয়া হোক। একইসঙ্গে গ্রেফতারের দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিচার পর্ব শুরু হচ্ছে না। তাই জামিনের আবেদনে এই যুক্তিও সামনে নিয়ে আসা হয়েছে। যদিও, জামিনে তীব্র আপত্তি জানিয়েছেন ইডি-র আইনজীবী। মামলার পরবর্তী শুনানি হবে পরের মাসে। বস্তুত, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয় শেখ শাহজাহান।
তবে এই প্রথম নয়, এর আগেও জামিনের আবেদন চেয়েছিলেন শেখ শাহজাহান। তবে তা খারিজ করা হয়। কিন্তু শাহজাহান জেলে থাকলেও তাঁর ভয় থেকে নিস্তার পাচ্ছেন না সন্দেশখালির লোকজন। সেখানকার বাসিন্দা রবীন মণ্ডল নামে এক ব্যক্তির অভিযোগ, জেল থেকে ফোন করে শাহজাহান নাকি বলেছেন, “আর কয়েকদিনের মধ্যেই যাচ্ছি। তুই কী ভাবছিস আমি ছাড়া পাব না? কয়েকদিনের মধ্যেই ছাড়া পাব। বোম মারব। ঘর বাড়ি ভাঙচুর করব। আমার মতো হাজার-হাজার শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। তোদের ব্যবস্থা করবে।” তবে জেলে ফোন পেলেন কীভাবে সেই নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।