
কলকাতা: লাগাতার বৃষ্টিতে ধস নিউ ফরাক্কার রেললাইনে। সংস্কারের কাজ শুরু হলেও, আজ সকালেই আবার নতুন করে ধস নেমেছে, বসে যাচ্ছে মাটি। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়তে বড় পদক্ষেপ করল পরিবহন দফতর। কলকাকা-শিলিগুড়ি রুটে চালু করা হল অতিরিক্ত বাস পরিষেবা। উত্তরবঙ্গের বিভিন্ন রুটে বাড়ানো হল বাসের সংখ্যা।
ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এবং গণপরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখতে আজ সন্ধ্যা ৭টা থেকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হবে।
পরিবহণ মন্ত্রী অর্জুন সিং রাজ্য সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা ও পরামর্শ করেই অতিরিক্ত বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই পরিষেবার সূচনা করতে পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ তেনজিং নোরগে বাস টার্মিনাসে উপস্থিত থাকবেন।
উত্তরবঙ্গগামী যাত্রীদের অতিরিক্ত যাতায়াতের জন্য কলকাতার নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজেপি বাস টার্মিনাস পর্যন্ত বিশেষ বাস পরিষেবা চালানো হবে।
বাসের সময়সূচি—
যাত্রীদের চাহিদা অনুযায়ী অতিরিক্ত বাসের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই এনবিএসটিসি (NBSTC) এবং এসবিএসটিসি (SBSTC)-র ম্যানেজিং ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন বেসরকারি বাস মালিক ও অপারেটরদের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবিলা করেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে যাতে কোনও অযৌক্তিক বা অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জরুরি ভিত্তিতে বেসরকারি বাসও নেওয়া হতে পারে বলেই জানানো হয়েছে।