
কলকাতা: দুর্নীতি তথা বেনিয়মের অভিযোগে যে ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছিল, সেই ২৬ হাজার শূন্যপদে ৩১ অগস্টের মধ্যে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু ওবিসি জটে আটকে গিয়েছে নিয়োগ। এবার আরও সময় চাইল রাজ্য।
নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছিল। নতুন করে নিয়োগের পরীক্ষার জন্য শীর্ষ আদালত রাজ্যকে ৩১ অগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এবার বর্তমান সরকার নিয়োগের জন্য আরও আট মাস সময়ের আবেদন করল। অর্থাৎ আগামী বছরের ৩১মে পর্যন্ত সময় চেয়ে আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সচিন সচদেবার বেঞ্চে শুনানি হতে চলেছে এসএসসির এই আবেদনের।
দুর্নীতি তথা বেনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে বাতিল হয় ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। নতুন করে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট, ৩১ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় বেঁধে দিয়েছিল। ততদিন পর্যন্ত বেতন দেওয়ার কথা ওই চাকরিহারাদের। কিন্তু আচমকা সেই প্রক্রিয়া থমকে গিয়েছে। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এসএসসি-র তরফে সাংবাদিক বৈঠক করে আগেই জানিয়ে দেওয়া হয় ২৬ হাজার শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ হচ্ছে না ৩১ অগস্টের মধ্যে। এসএসসি-র চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানান, শীর্ষ আদালতে সময় চাইবে স্কুল সার্ভিস কমিশন। যাঁরা সুপারিশপত্র পেয়েছেন তাঁদের নিয়োগ নিয়েও সংশয় থাকছে। জাতিগত সংরক্ষণ নীতি কার্যকরী করতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে এসএসসি।