
কলকাতা: রবিবার ছুটির দিন। তবে ছুটি নেই পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। সকাল থেকেই অ্যাকশন মোডে তিনি। রুটিন মাফিক বেরিয়েছেন শহরের অলি-গলি পরিদর্শনে। সেখানে গিয়ে দুইদিনের ডেডলাইন দিয়ে দিলেন তিনি। কীসের এই ডেডলাইন? ফুটপাথ খালি করার।
আজ, রবিবার সকালে ল্যান্সডাউন বাজার পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভবানীপুর থানা ও পুরসভার আধিকারিকরাও। প্রতিটি দোকানে ঘোরেন তিনি, কথা বলেন দোকানিদের সঙ্গে। তবে বাজারের ঘিঞ্জি অবস্থা, ফুটপাথ দখল করে বাজার বসতে দেখে রেগে যান পুরমন্ত্রী। তিনি দুইদিন সময় দেন দোকানিদের ফুটপাথ ছেড়ে দেওয়ার। তাঁর সাফ কথা, ফুটপাথের অন্তত দুই-তৃতীয়াংশ ছেড়ে দিতে হবে। মন্ত্রী ঘোষণা করেন যে ল্যান্সডাউন মার্কেট বড় করে তৈরি হবে। দীর্ঘদিন ধরে আটকে আছে মার্কেট তৈরি।
এক দোকানিকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল নির্দেশ দিয়ে বলেন, “রাজ্য সামলানোর দায়িত্ব কি একা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? আপনাদের দায়িত্ব নেই! আপনি কার অনুমতিতে ফুটপাথে দোকান বসিয়ে ছাউনি দিয়েছেন? কাকে টাকা দিয়েছেন? ১৫ বছর ধরে আপনাকে কেউ বারণ করল না? খাট-বিছানা আছে, ত্রিপল টাঙানো, এটা সংসার পাতার জায়গা নয়। সংসার পাততে হয়, দোকান কিনুন। অসুবিধা নেই, আমরা দোকান দিয়ে দিচ্ছি। কিন্তু ফুটপাথ দখল করে এটা করা যাবে না। আপনি এগুলি খুলে নিন। ফুটপাথ দিয়ে লোক যাবে। তারপর যেটুকু জায়গা বাঁচবে, তাতে দোকান করুন।”
ফুটপাথ খালি করার জন্য দুইদিনের ডেডলাইন দিয়েছেন রাজ্যের মন্ত্রী। এরমধ্যে জবর-দখল করে ফুটপাথে বসে থাকা দোকানিদের দোকান সরিয়ে নিতে হবে।