
কলকাতা: সুজিত বসুর মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বুধবার বিচারপতি আদালতে জানালেন, গত সোমবার সুজিত বসুর মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার পর তিনি রায়দান স্থগিত রেখেছিলেন। কিন্তু মঙ্গলবার, ১৮ অগাস্ট আবেদনকারী সুজিত বসুর পক্ষের কোন এক আইনজীবী বিচারপতির অনুপস্থিতিতে তাঁর চেম্বারে যান। তাঁর চেম্বারে থাকা ফাইল নিয়ে আসার জন্য তাঁর ব্যক্তিগত সেক্রেটারিকে বলেন।
এদিন আদালতে বিচারপতি বলেন, “ঘটনাটি খুব দুঃখজনক।” বিষয়টি তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জানিয়েছেন। তাই এই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। মামলাটি এখন প্রধান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পরবর্তী বিচারপতি ঠিক করবেন, যিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত সোমবারের শুনানিতে সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন, তাঁর মক্কেলকে অনৈতিকভাবে আটকে রাখা হয়েছে। আইনজীবীর যুক্তি, ইডি এই মামলায় সুজিত বসুকে মাস্টার মাইন্ড দেখিয়েছে। অথচ ২০২৪-২৫ সালে সিবিআই-এর চার্জশিটে সুজিতের নামই আসেনি। তাঁর বক্তব্য, সুজিত বসুর বাড়ি তো কলকাতাতেই। তদন্তের স্বার্থে তাঁকে যখনই ডাকা হবে, তিনি আসবেন। সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন, এই ধরনের কাজ ইডি কোনওভাবেই জাস্টিফায়েড করতে পারে না। কিন্তু তারপরই বিচারপতি রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু তারপর দিনই এই ঘটনা।