
কলকাতা: করোনার সময় বাড়ি থেকে বসেই কাজকর্ম করা হত। পুনরায় সেই পদ্ধতিই ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পশ্চিম এশিয়ায় যুদ্ধ বিদ্ধস্ত পরিস্থিতিতে সামাল দিতেই এই সিদ্ধান্ত। আর প্রধানমন্ত্রী সেই আবেদন মেনেই বিকাশ ভবনে বিদ্যুত ও পেট্রল বাঁচানোর পরিকল্পনা রাজ্য সরকারের। ওয়ার্ক ফ্রম হোম হবে সিনিয়র আধিকারিকদের।
বিকাশ ভবন সূত্রে খবর, এবার থেকে সব মিটিং হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। কমাতে হবে লিফটের ব্যবহার। শুধু তাই নয়, পুল কারের মাধ্যমে কর্মচারীদের অফিসে আসতে নির্দেশ। একই সঙ্গে সন্ধে সাতটার পর অপ্রয়োজনীয় আলো জ্বালিয়ে রাখা যাবে না। তবে, এখনই সব কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হচ্ছে না। কারণ, সকলকে বাড়ি থেকে কাজের সুবিধা দিলে কাজকর্ম যাতে ব্যাহত হতে পারে। সেই দিকে নজর দেওয়ার জন্যই আপাতত সকলে এমন সুবিধা পাবে না।
এখানে উল্লেখ্য মে মাসের ১৪ তারিখ জ্বালানি বাঁচাতে ওয়ার্ক ফ্রম হোমে ফিরতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর নির্দেশ মেনে ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বড় পদক্ষেপ করেন। ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করেন দিল্লি সরকার। সমস্ত সরকারি অফিসে সপ্তাহে দুই দিন করে ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) নির্দেশ দেওয়া হয়। এমনকী, দিল্লির বিজেপি সরকার অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত গাড়িগুলিতে পেট্রোলের বরাদ্দও কমিয়ে দিয়েছে। অফিসারদের জন্য বরাদ্দ জ্বালানি ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। মাসে ২০০ লিটার বরাদ্দ করা হয়েছে। দিল্লির পর এবার পশ্চিমবঙ্গেও করা হল একই পদক্ষেপ।