
কলকাতা: বাংলা ইন্ডাস্ট্রির উন্নতিতে যে কোনও রকম সাহায্য করতে প্রস্তত সরকার। তা বাজেটে বরাদ্দ থেকে আইন বদলে ফেলা…টলিউডের পাশে থাকারই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে, তাঁর বার্তা উত্তমকুমারের সেই সময় অর্থাৎ সেই ‘অমৃতকাল’ বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরিয়ে আনতে হবে।
বৃহস্পতিবার নন্দন চত্বরে একতারা মুক্তমঞ্চে উত্তমকুমারের জন্মশতবার্ষিকীর এক অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিত চট্টোপাধ্যায়, দেব, জিৎ-সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “আমরা ধন্যবাদ জানাব প্রধানমন্ত্রীকে। আমি ওনার রাজনৈতিক ভাবাদর্শে বিশ্বাসী বলে নয়। পশ্চিমবঙ্গ থেকে বিশ্বাস করুন কেউ বলেনি প্রধানমন্ত্রীকে। প্রতি শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বত করেন। এবারের ৩০ অগস্টের মন কি বাত-এ ৩০ মিনিটের তাঁর স্পিচে পাঁচ মিনিটের বেশি ছিল মহানায়ক উত্তম কুমারের সম্পর্কে। সঙ্গে প্রবাদপ্রতিম সত্যজিত রায়ের কথাও বলেছেন মন কি বাতে। বিশ্বাস করুন আমরা কালকে বলিনি যে আজ ৩ তারিখ ১০০ বছর। একদিন আর্লি মর্নিং, অনেকেই হয়ত ঘুম থেকেই ওঠেননি। মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের পার্সোনাল ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে মহানায়ককে নিয়ে পোস্ট করেছেন। মহানায়ক শুধু তিলোত্তমা বা সিটি অফ জয়ে আটকে নেই। মহানায়ক গোা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে।”
মুখ্যমন্ত্রী বলেন, ” আমরাই তো আগে ভারতবর্ষকে লিড করতাম। বলিউডকে টেক্কা দেবে কে, না টলিউড। আমাদের আবার সেই জায়গাটায় ফিরে আসতে হবে। সরকার একদম দুই হাত দিয়ে আপনাদের সঙ্গে থাকবে। আপনারা গড়ুন। কী হেল্প লাগবে বলুন, কোথায় ইনফ্রাস্টাকচার করে দিতে হবে বলুন, বাজেট বরাদ্দদিতে হবে বলুন, ছাড়পত্র দিতে হবে বলুন, আইন বদলে দিতে হবে বলুন বিধানসভায় এনে আইন পাল্টে দেব। যা লাগবে সরকার করবে ও আগের জায়গায় সেই দিন, সেই অমৃতকালকে আমাদের ফিরিয়ে আনতে হবে।” অঙ্গীকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।