Buxa Tiger Reserve: বাড়াতে হবে বাঘের সংখ্যা, বিহার থেকে কার্গো বিমানে উড়ে আসছে বাঘিনী

Siliguri: মূলত, তিনটি বাঘকে চিহ্নিত করেছিল দিল্লি। কিন্তু সব দিক দেখে এই বাঘিনীকে পছন্দ করেন বাংলার বনকর্তারা। দফতর সূত্রে খবর, আগামী দিনে নানা পরিকল্পনা আছে। তাই পুরুষ বাঘের বদলে বাঘিনীকে পছন্দ করা হয়। আগামী ২ অক্টোবর তাকে ছাড়া হবে বক্সার জঙ্গলে।

Buxa Tiger Reserve: বাড়াতে হবে বাঘের সংখ্যা, বিহার থেকে কার্গো বিমানে উড়ে আসছে বাঘিনী
বক্সায় আসছে বাঘImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2026 | 1:36 PM

শিলিগুড়ি: বিহারের চম্পারণ থেকে আনা হচ্ছে বাঘিনীকে। আর তাকে আনতে কার্যত চলছে রাজকীয় তোড়জোড়। পাহাড়ায় প্রস্তুত তিন কুনকি হাতিও। গ্রিন করিডর করে আনা হবে বাঘিনীকে। প্রস্তুত বিশেষ কার্গো বিমানও। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আসবে রয়েল বেঙ্গল টাইগার।

এক্কেবারে রয়েল বেঙ্গল টাইগার। কনে দেখার মতোই তিনটি বাঘের মধ্যে বাছাই করে আনা হবে তাকে। ছাড়া হবে বক্সার জঙ্গলে। প্রায় ৭৫০ কিলোমিটার দূরে বিহারের ওয়েস্ট চম্পারনে বাল্মিকী টাইগার রিসার্ভে তাকে ধরতে শুরু হয়ে গিয়েছে রাজকীয় আয়োজন। উত্তরবঙ্গ ও সুন্দরবন থেকে বাছাই করা বন কর্মীরা ছাড়াও সেখানে পৌঁছে গিয়েছেন দিল্লির জাতীয় বাঘ সংরক্ষণ কেন্দ্রের কর্তারাও।

কেন বাঘ আনা হচ্ছে?

বর্তমানে বক্সায় স্থায়ী বাঘের সংখ্যা না থাকলেও, অসম ও ভুটান সীমান্ত থেকে পুরুষ বাঘের আসা-যাওয়ার প্রমাণ মিলেছে। এই বাঘিনীকে এনে প্রজননের মাধ্যমে স্থায়ী বাঘের সংখ্যা বাড়ানোই সরকারের লক্ষ্য।

বাঘ ধরতে কী কী আয়োজন?

বাঘিনীকে অজ্ঞান কীভাবে করা হবে তার প্রশিক্ষণ আগেই নিয়েছেন বনকর্মীরা। তাঁদের সঙ্গে রয়েছেন চিকিৎসক দল। বাঘিনীকে প্রথমে ঘুম পাড়ানো হবে। তারপর তার গলায় পরানো হবে রেডিও কলার। এরপরই তাকে নিয়ে বক্সা পাড়ি দেবে বন দফতর। দীর্ঘ সাড়ে সাতশো কিলোমিটার যাত্রাপথে থাকবে গ্রিন করিডর। প্রয়োজনে ব্যবস্থা রাখা হচ্ছে কার্গো বিমানের। সমস্যা হলে বিমানে খাঁচায় করে বাঘ আসবে হাসিমারা। সেখান থেকে নিয়ে যাওয়া হবে বক্সার জঙ্গলে।

অপরদিকে, বক্সাতেও শুরু হয়ে গিয়েছে নানা কর্মকাণ্ড। তিন কুনকি হাতি দিন রাতের পাহারায় থাকবে ওই বাঘিনীর। রেডিও কলারে বাঘিনীর গতিবিধি দেখার পাশাপাশি হাতিতে চেপে কড়া নজর রাখা হবে বাঘিনীর গিতিবিধির ওপর।

প্রথমেই অবশ্য জঙ্গলে ছাড়া হবে না বাঘিনীকে। ক’দিন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে রাখা হবে খোলা এনক্লোজারে। বাঘিনীর এলাকা পছন্দ হয়েছে কি না তা বুঝে নেওয়া হবে। প্রতিদিন হবে বাঘিনীর স্বাস্থ্য পরীক্ষা।

মূলত, তিনটি বাঘকে চিহ্নিত করেছিল দিল্লি। কিন্তু সব দিক দেখে এই বাঘিনীকে পছন্দ করেন বাংলার বনকর্তারা। দফতর সূত্রে খবর, আগামী দিনে নানা পরিকল্পনা আছে। তাই পুরুষ বাঘের বদলে বাঘিনীকে পছন্দ করা হয়। আগামী ২ অক্টোবর তাকে ছাড়া হবে বক্সার জঙ্গলে। হাজির থাকবেন খোদ মুখ্যমন্ত্রী এবং দেশের বনমন্ত্রী। ফলে সেজে উঠছে বক্সা। প্রতিদিন বক্সাতেও চলছে প্রশিক্ষণ ও রিহার্সাল। তিন কুনকি নিয়ে এলাকা টহল জোর কদমে চলছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us