
কলকাতা: নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় আয়ের সঠিক তথ্য গোপন এবং আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে গ্রেফতার হতে পারেন—এমনই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। আইনি রক্ষাকবচ পেতে হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার অদিতির আইনজীবী, এই মামলার গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি জয় সেনগুপ্ত অদিতি মুন্সিকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী শুক্রবারই বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী হলফনামায় প্রার্থীর আয় ও সম্পত্তির খতিয়ান দেওয়া বাধ্যতামূলক। কিন্তু অদিতি মুন্সির পেশ করা হলফনামায় সম্পত্তির হিসেবে অসঙ্গতি ও বিপুল পরিমাণ আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই যেকোনো মুহূর্তে গ্রেফতারির আশঙ্কা করছেন তৃণমূল প্রার্থী।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এই আইনি জটিলতা রাজারহাট-গোপালপুর কেন্দ্রের রাজনৈতিক সমীকরণকে বেশ কিছুটা উত্তপ্ত করে তুলেছে। এখন শুক্রবার হাই কোর্ট তাঁকে কোনো অন্তর্বর্তী স্বস্তি দেয় কিনা, সেদিকেই নজর সবার।
প্রসঙ্গত, ভোটের ১ দিন আগে অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তরুণজ্যোতি তিওয়ারি। মনোনয়নে সঠিক তথ্য না দেওয়ায় অভিযোগ ওঠে। তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, অদিতি মুন্সির তাঁর মনোনয়নপত্রে সম্পত্তি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেননি। তাঁর দাবি, অদিতি ও তাঁর স্বামী দেবরাজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রচুর জমি কিনেছিলেন। সেই জমির বিক্রয়মূল্য উল্লেখ করা হয়নি মনোনয়নপত্রের কোথাও। চলতি বছরের ২৫ মার্চ তিনি একটা জমি বিক্রি করেছিলেন, সেই জমির বিক্রয়মূল্যও মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি।