
বারাসত: গত মে মাসে অভিযোগ দায়ের হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) বিরুদ্ধে। নোটিস দেওয়া হলেও হাজিরা দেননি তিনি। প্রশ্ন উঠেছে তিনি কি অসুস্থ? নাকি গা-ঢাকা দিয়েছেন? অরূপ বিশ্বাস কোথায়, সেই প্রশ্ন যখন ঘুরছে, তারই মধ্যে মঙ্গলবার সকাল আচমকা সিদ্ধান্ত বদল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও, এদিন সকালে জানিয়ে দেওয়া হল সিদ্ধান্ত পরিবর্তনের কথা। আগাম জামিনের মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি।
গত ১৭ মে ‘মেসি ইভেন্টে’র মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের আনা অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। টিকিটে কালোবাজারি, বেআইনি ভাবে টাকা তোলা, ভয় দেখানো, প্রতারণা সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় অরূপের বিরুদ্ধে। ওই মামলায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাঁকে তলব করেছিল। কিন্তু অসুস্থতার কথা জানিয়ে ১০ দিন সময় চেয়ে নেন তিনি।
এরই মধ্যে আগাম জামিনের আবেদন জানিয়ে বারাসত জেলা আদালতের দ্বারস্থ হন অরূপ বিশ্বাস। মঙ্গলবার সকালে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আইনজীবীরা আদালতের কাছে ‘নট প্রেস’ বলে দাবি করেন। অর্থাৎ তাঁরা এদিন জেলা আদালতে বিচারকের কাছে কাছে এই মামলা উপস্থাপন করতে চান না। আদালত সূত্রে জানা গিয়েছে, অরূপ বিশ্বাস হাইকোর্টে এই একই মামলা নিয়ে যাচ্ছেন। তাই এমন সিদ্ধান্ত। এই মামলায় সরকারি আইনজীবী দুলাল সরকার জানিয়েছেন, হয়ত তাঁরা আগাম জামিন পাবেন না বলে আশঙ্কা করেই মামলা থেকে সরে দাঁড়ালেন।