Former Bengal Sports Minister Arup Biswas: ‘আরও ১০ দিন সময় চাই’, মেসি কাণ্ডে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস
Arup Biswas in Messi event case: সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিন সময় চেয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ফলে আজ আসছেন না তিনি। গত ১৭ মে মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের আনা অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে।

কলকাতা: আগেই দায়ের হয়েছিল অভিযোগ। রুজু হয়েছে এফআইআর। এদিনই সকাল সাড়ে দশটায় মেসি-আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে জল্পনার মধ্যেই শোনা গেল সময় চাইছেন অরূপ বিশ্বাস। বিধাননগর পুলিশের কাছ শতদ্রু দত্ত দাবি করেছিলেন, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিটের কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিন সময় চেয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ফলে আজ আসছেন না তিনি। গত ১৭ মে মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের আনা অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, বেআইনি ভাবে টাকা তোলা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, প্রতারণা-সহ একাধিক ধারায় দায়ের হয়েছে এফআইআর।
শতদ্রু দত্তের অভিযোগ, অরূপ বিশ্বাসের সুপরিকল্পিত কর্মকাণ্ড তার ব্যক্তিগত জীবনে শান্তি, ব্যবসায়িক সুনাম, আন্তর্জাতিক ফুটবল অনুষ্ঠানে বাণিজ্যিক স্বার্থে মারাত্মক ক্ষতি করেছে। ইতিমধ্যেই তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন। ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ এবং আরও ৫০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ দাবি করেছেন শতদ্রু দত্ত। তা নিয়েও নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। এদিকে রাজ্যে পালাবদলের পর যে স্বচ্ছ প্রশসানে চালাতে তৎপর বিজেপি সরকার তা বারবার বলছেন মুখ্যমন্ত্রী। মেসি ফাইল খোলার ইঙ্গিত দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
