
কলকাতা: বিধায়কদের সই জালকাণ্ডে সিআইডি-র তৃতীয় তলবও এড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ভবানীভবনে হাজিরার জন্য অভিষেককে বলেছিল সিআইডি। সময় শেষের আগেই সিআইডিকে চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন দিল্লিতে রয়েছেন তিনি। কলকাতার বাইরে থাকায় হাজিরা দিতে পারবেন না বলে চিঠি পাঠিয়েছেন।
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন অভিষেক ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই বিধায়কদের সই জালকাণ্ডে কালীঘাটে মমতার দুয়ারে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশির জন্য যান তাঁরা। বিধায়কদের সই জালকাণ্ডে চিঠিতে এই অফিসের ঠিকানাই দেওয়া ছিল।
একদিকে সিআইডি আধিকারিকরা কালীঘাটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে যান, আবার এদিনই ভবানীভবনে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল অভিষেককে। বিকেল পাঁচটার মধ্যে ভবানীভবনে যেতে বলা হয়েছিল। সেই সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি দিয়ে অভিষেক জানালেন, কলকাতার বাইরে থাকায় এদিন হাজিরা দিতে পারবেন না তিনি। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। সূত্রের খবর, হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকার কথা চিঠিতে উল্লেখ করে সময় চেয়েছেন অভিষেক।
এর আগেও ২ বার সিআইডির তলব এড়িয়েছেন অভিষেক। গত ১ জুন প্রথমবার তাঁকে তলব করেছিল সিআইডি। কিন্তু, ওইদিন সিআইডির তলবে ভবানীভবনে যাননি তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। চিঠি দিয়ে জানান, তিনি অসুস্থ। তাই হাজিরা দিতে পারছেন না। গত ৩০ মে সোনারপুরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন অভিষেক। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। সেজন্যই নিজেকে অসুস্থ বলে উল্লেখ করেন।
ওইদিন বিকেলেই অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। বাড়ির বাইরে আধ ঘণ্টার বেশি অপেক্ষা করেন তাঁরা। অভিষেকের বাড়ির ভেতরে ঢুকতে পারেননি। শেষে অভিষেকে বাড়ির ভেতর থেকে একজন বেরিয়ে এসে সিআইডির নোটিস নেন। নোটিসটি নিয়ে ভেতরে যান। পরে বেরিয়ে এসে জানান, অভিষেক নোটিস গ্রহণ করেছেন। ওই নোটিসে সিআইডি ৮ জুন (সোমবার) অভিষেককে ভবানীভবনে হাজির হতে বলেন।
অভিষেক ৬ জুন দিল্লি চলে যান। ৮ জুন ভবানীভবনে হাজির হননি তিনি। চিঠি দিয়ে জানান, কলকাতার বাইরে থাকায় হাজির হতে পারছেন না। এরপর গতকাল সিআইডির তরফে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ভবানীভবনে তৃণমূলের ‘সেনাপতি’-কে হাজির হতে বলা হয়। কিন্তু, এদিনও তলব এড়ালেন অভিষেক।
সিআইডি-র তলব এড়ানো নিয়ে এদিনই অভিষেককে কটাক্ষ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট করে দেন, এভাবে পালিয়ে বেড়াতে পারবেন না অভিষেক। সিআইডির মুখোমুখি হতেই হবে তাঁকে। এখন দেখার, কবে সিআইডির তলবে ভবানীভবনে হাজির হন অভিষেক।