Kunal Ghosh: TV9 বাংলা ডিজিটালের খবরের জের! শুভেন্দুর সঙ্গে গোপন কথা ফাঁস কুণালের

Kunal Ghosh Breaks Silence on Meeting with CM Suvendu Adhikari: বৃহস্পতিবার সকালে বিধানসভায় গিয়ে তারাতলার ঘটনা নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধিবেশনে বক্তব্য রেখে কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। পা বাড়ান নিজের ঘরের দিকে। হঠাৎই দেখা গেল কক্ষ ছেড়ে বেরিয়ে আসছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বিরোধী বিধায়ককে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ কুণাল ঘোষের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর।

Kunal Ghosh: TV9 বাংলা ডিজিটালের খবরের জের! শুভেন্দুর সঙ্গে গোপন কথা ফাঁস কুণালের
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কুণাল ঘোষ?Image Credit source: TV9 Bangla

Jun 26, 2026 | 5:05 PM

কলকাতা: টিভি৯ বাংলা ডিজিটালের একটি প্রতিবেদন। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের আলোচনা। কী নিয়ে আলোচনা? মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল তৃণমূল বিধায়কের? তা নিয়েই প্রতিবেদন। আর সেই প্রতিবেদনের এবার স্ক্রিন শট দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কুণাল। আর তার সঙ্গেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনার বিষয়বস্তু খোলসা করলেন। জানালেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কী নিয়ে কথা হয়েছে তাঁর।

কী জানালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক?

এদিন টিভি৯ বাংলা ডিজিটালের প্রতিবেদনের স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কুণাল লিখেছেন, ‘গতকাল লিখিনি। আজ লিখছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও দিচ্ছি। গতকাল বিধানসভায় তারাতলা দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা ও চারপাশের সব নির্মাণ আপাতত স্থগিত করা হচ্ছে। প্ল্যান অডিট হবে। বিবৃতি শেষ করে বেরিয়ে যান তিনি। তখন লবিতে তাঁর সঙ্গে দেখা করে আমি বলি, “কাজ বন্ধের নির্দেশে পূর্ণ সমর্থন। কিন্তু নির্মাণ শ্রমিকদের কথা ভাবতে হবে। বহু গরিব শ্রমিক কাজ করেন, অনেকে দূর থেকে এসে সপরিবারে সাইটে থেকে কাজ করেন। এঁদের দৈনিক আয়ের উপর খাওয়াদাওয়া নির্ভর করে। কাজ বন্ধ হলে এঁরা বিপদে পড়বেন। প্ল্যানের সঙ্গে এঁদের সম্পর্ক নেই।” মুখ্যমন্ত্রী সহমত পোষণ করেন।’

এরপরই কুণাল লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী বলেন,” ওঁদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করছি।” এই বিষয়টা কাল আমি সাংবাদিকদের বলিনি, কারণ, মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে নিশ্চয়ই যথাসময়ে জানাতেন। আজ শুনলাম মুখ্যমন্ত্রী বিষয়টি নিজে বলেছেন। বিল্ডারদের এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিকদের যাতে এই সংক্রান্ত সমস্যা না হয়। এ জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।”

বিধানসভার অন্দরে গতকাল কী হয়েছিল ?

বৃহস্পতিবার সকালে বিধানসভায় গিয়ে তারাতলার ঘটনা নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অধিবেশনে বক্তব্য রেখে কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। পা বাড়ান নিজের ঘরের দিকে। হঠাৎই দেখা গেল কক্ষ ছেড়ে বেরিয়ে আসছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিরোধী বিধায়ককে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ কুণাল ঘোষের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর।

গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কুণালের এই আলোচনা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। কারণ, গতকাল মুখ্যমন্ত্রী যখন অধিবেশন কক্ষে ভাষণ রাখছিলেন, তখন তারাতলা-কাণ্ড নিয়ে বলার সময় মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে। ফিরহাদের স্বাক্ষর করা বিল্ডিং প্ল্যান অনুমোদনের কাগজ দেখিয়ে মুখ্যমন্ত্রী যখন বলেন, ‘একজনকেও ছাড়ব না। উপযুক্ত ব্যবস্থা হবে।’ সেই সময় মুখ্যমন্ত্রীর সমর্থনে টেবিল চাপড়াতে থাকেন কুণাল। স্বভাবতই, ওই দৃশ্যের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কুণালের আলোচনা নিয়ে নানা জল্পনা বাড়ে। শেষ পর্যন্ত এদিন টিভি৯ বাংলা ডিজিটালের প্রতিবেদনের স্ক্রিন শট দিয়ে কুণাল তাঁদের আলোচনার বিষয়বস্তু সামনে আনলেন।

Follow Us