
কলকাতা: কলকাতা বিমানবন্দরে সবে মাত্র নেমেছে বিমান। ব্যাঙ্কক থেকে সেটি এসেছিল শহরে। সেখানেই বসেছিলেন একজন যাত্রী। আর তাঁর লাগেজ দেখেই সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের। আর তারপরই শুরু হয় তল্লাশি। তখনই কার্যত চোখ কপালে ওঠার জোগাড় কলকাতা বিমানবন্দরে শুল্ক দফতরের ‘এয়ার ইন্টেলিজেন্স’ দফতরের আধিকারিকদের। ধৃতের ব্যাগ থেকে বেরল ৭০৭টি জীবিত কচ্ছপ।
জানা যাচ্ছে, ব্যাংকক থেকে বুধবার কলকাতা বিমানবন্দরে অবতরণ করে একটি বিমান। সেখানেই ছিলেন ধৃত যাত্রী। গ্রিন চ্যানেল পার করার সময় তাঁর লাগেজের ভিতর থেকে নড়াচড়ার শব্ধ মেলে। তখনই সন্দেহ হয়। এরপরই কলকাতা বিমানবন্দরে শুল্ক দফরের এয়ার ইন্টেলিজেন্স আধিকারিকরা ওই যাত্রীকে আটক করে। তারপর তল্লাশি চালায় ব্যাগের মধ্যে। তখনই ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার হয়। জানা যাচ্ছে এই কচ্ছপগুলি ‘রেড ইয়াড স্লাইডার’ প্রজাতির।
বন্যপ্রাণ প্রচারের অভিযোগে ওই যাত্রীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এই জীবিত কচ্ছপ কোথা থেকে এনেছে এবং কোথায় বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হত সমস্ত বিষয়ে তদন্তে নেমেছে শুল্ক দফতরের আধিকারিকরা।
এখানে উল্লেখ্য, বুধবার আবার ডানলপ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। একটি ‘যাত্রীসাথী’ ট্যাক্সি তে তল্লাশি চালায় এসটিএফ (STF)। তখনই ওই গাড়ি থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১টি নাইন এমএম পিস্তল,৩ টি সেভেন এমএম পিস্তল, চারটি ম্যাগজিন এবং ২৯ রাউন্ড কার্তুজ ও একটি দেশি বন্দুক। গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। চালককে সাক্ষী হিসেবে থানায় নিয়ে যাওয়া হয়।