
কলকাতা: আগামী শনিবার শপথ নেবে দেশের নতুন সরকার। আর তার আগে শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার সকালে ফল ঘোষণা করবে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করবেন পর্ষদ সভাপতি।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।
এপ্রিল মাসে দু দফায় ভোট হয়েছে বাংলায়। আর ভোটের ফল ঘোষণা হয় গত ৪ মে। শিক্ষকরাও ভোটের দায়িত্বে ছিলেন। তাই পর্ষদ সূত্রে জানানো হয় যে ফল প্রকাশ হবে ভোটের পর। সব পরীক্ষার্থীর সকল বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছিল আগেই। এবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল।
সকাল ১০টা ১৫ মিনিট থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে দেখতে পাবেন ফলাফল।
TV9 বাংলা ডিজিটালের ওয়েব পোর্টালে দেখতে পাবেন ফলাফল। www.TV9bangla.com-এ লগ ইন করুন। নির্দিষ্ট লিংকে, নাম ও রোল নম্বর দিলেই দেখা যাবে ফলাফল।
এছাড়া, পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাবে ফলাফল। www.wbbsedata.com ও www.wbbse.wb.gov.in- এই দুই ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। প্লে স্টোর থেকে iResults, Madhyamik Results, Edutips App ডাউনলোড করেও রেজাল্ট দেখতে পাবেন।