
কলকাতা: পর্যটন দফতরের বাজেট আলোচনা চলাকালীন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়কদের উপস্থিতির হার নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করলেন স্পিকার রথীন্দ্র বসু। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের এমন উদাসীন মনোভাব নিয়ে প্রশ্ন তুলে তিনি বিধানসভার সার্বিক কার্যপ্রণালী ও শৃঙ্খলা রক্ষা নিয়ে কড়া বার্তা দিয়েছেন।
স্পিকার ক্ষোভ প্রকাশ করে জানান, অনেক সদস্যই কেবল নিজের বক্তব্য পেশ করার জন্য সভায় উপস্থিত থাকেন। নিজের বক্তব্য শেষ হওয়া মাত্রই তাঁরা কক্ষ ছেড়ে বেরিয়ে যান। অন্যের কথা শোনার সামান্যতম ধৈর্যও তাঁদের মধ্যে দেখা যাচ্ছে না। তিনি মনে করিয়ে দেন, বক্তব্য পেশকারী প্রতিটি সদস্যই চান যে বাকিরা তাঁর কথা শুনুন। অথচ নিজের বলা শেষ হলে তিনি নিজেই অন্য কারও বক্তব্য শোনার জন্য থাকছেন না।
স্পিকার বলেন, “এমন অনেক সদস্য রয়েছেন, যাঁদের আলোচনা থেকে অনেক কিছু শেখার আছে। কিন্তু নতুন কিছু শেখার, এই বিষয়টায় আগ্রহটাই যেন হারিয়ে যাচ্ছে। আমরা কি সত্যিই নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছি?”
স্পিকারের পর্যবেক্ষণ, বাজেটের ওপর নিজের ভাষণ দেওয়ার পরেও পর্যটন মন্ত্রীর পাল্টা জবাব শোনার জন্য মূল বক্তারাই কক্ষে অনুপস্থিত থাকছেন। স্পিকার স্পষ্ট জানান, এই ধরণের আচরণ জনপ্রতিনিধিদের পক্ষে একেবারেই কাম্য নয়। ভবিষ্যতে বিধানসভার গুরুত্ব রক্ষা করতে এবং প্রতিটি আলোচনায় বিধায়কদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে সকলকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।