TMC: পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে তৃণমূলের জয়জয়কার, ভোটগ্রহণ হয়েছিল ৬ মাস আগে

West Bengal Bar Council Election: পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোট গ্রহণের সময় রাজ্যে তৃণমূল সরকার ছিল। এখন পালাবদল হয়েছে। রাজ্যের আগের শাসকদল পরাজিত হয়ে এখন বিরোধী। এই অবস্থায় কাউন্সিলের ভোটে তৃণমূল জিতলেও বাস্তবে বোর্ড গঠন কারা করবে, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।

TMC: পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে তৃণমূলের জয়জয়কার, ভোটগ্রহণ হয়েছিল ৬ মাস আগে
নির্বাচনে কী ফল হল?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 19, 2026 | 10:49 AM

কলকাতা: রাজ্যে পালাবদল হয়েছে। আর সেই পালাবদলের সাড়ে ৩ মাস পর পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে জয়জয়কার তৃণমূলের। ঘাসফুল শিবির যখন অন্তর্দ্বন্দ্বে জর্জরিত, তখন এই ফল নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে এই ভোটগ্রহণ পালাবদলের পর হয়নি। রাজ্যে পরিবর্তনের আগেই ভোটগ্রহণ হয়েছিল। মঙ্গলবার তার ফল ঘোষণা হল। সেখানে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ২৩টি আসনের মধ্যে ১৫টি আসনে জিতল তৃণমূল। বিজেপি পেল ৩টি আসন।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোটগ্রহণ হয়েছিল মাস ছয়েক আগে। কাউন্সিলের ২৩টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। মোট ৭৫ আইনজীবী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরুষ প্রার্থীদের জন্য ১৮টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৫টি আসন সংরক্ষিত ছিল।

সুপ্রিম কোর্ট সময় বেঁধে এই বার কাউন্সিলের ভোট করানোর নির্দেশ দিয়েছিল। মাস ছয়েক আগে ভোট মিটে গেলেও শীর্ষ আদালতের গড়ে দেওয়া কমিটি এতদিনে সেই ভোট গণনা শেষ করেছে। ফল ঘোষণার পর দেখা যায়, তৃণমূল পেয়েছে ১৫টি আসন। আর রাজ্যের বর্তমান শাসকদল বিজেপি পেয়েছে ৩টি আসন। বামেরা তিনটি ও কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ২ টি আসনে জিতেছেন। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৪টি। বাকি একটি কংগ্রেস পেয়েছে।

তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান তথা বিধায়ক অশোক কুমার দেব। বর্তমানে কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ও জিতেছেন। বামেদের জয়ী প্রার্থীর মধ্যে রয়েছেন শামিম আহমেদ।

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ভোট গ্রহণের সময় রাজ্যে তৃণমূল সরকার ছিল। এখন পালাবদল হয়েছে। রাজ্যের আগের শাসকদল পরাজিত হয়ে এখন বিরোধী। এই অবস্থায় কাউন্সিলের ভোটে তৃণমূল জিতলেও বাস্তবে বোর্ড গঠন কারা করবে, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us