West Bengal Budget 2026: জুটশিল্পে কি বাড়তি নজর? স্বপন দাশগুপ্তর বাজেট ফাইল ঘিরে বাড়ছে জল্পনা

West Bengal Budget Jute File: রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং বললেন, "আমাদের সমস্ত সরকারি কাজেই জুটের ফাইল ব্যবহার করা হয়। তবে এটা ঠিক, সোমবার জুটশিল্পে নিশ্চয় কোনও কোনও বড় ঘোষণা হতে পারে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় জুটকে গুরুত্ব দেন।"

West Bengal Budget 2026: জুটশিল্পে কি বাড়তি নজর? স্বপন দাশগুপ্তর বাজেট ফাইল ঘিরে বাড়ছে জল্পনা
বাজেট ফাইলের কভার পাট ও মাদুরকাঠির তৈরিImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 22, 2026 | 12:14 AM

কলকাতা: একসময় কেন্দ্রীয় বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লাল ব্রিফকেস নিয়ে সংসদে ঢুকতে দেখা যেত। ওই ব্রিফকেস নিয়ে দেশজুড়ে কৌতূহল থাকত। বাংলায় বিজেপি প্রথমবার সরকার গড়ার পর প্রথম বাজেট পেশ হবে। সোমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁর পেশ করা বাজেটে কী থাকবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে। আশাও বাড়ছে বিভিন্ন ক্ষেত্রের। এরই মধ্যে আর একটি বিষয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আগামিকাল বাজেটের পেপারগুলি যে ফাইলে ভরে অর্থমন্ত্রী বিধানসভায় ঢুকবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।   

অর্থমন্ত্রী যে ফাইলে বাজেটের পেপার নিয়ে আসবেন, সেই ফাইলের কভার মাদুরকাঠি ও জুটের তৈরি। ফাইলের ডানদিকে উপরে অশোক স্তম্ভ রয়েছে। নিচে সত্যমেব জয়তে লেখা। মাদুরকাঠি ও জুটের তৈরি ফাইলের মাধ্যমে কি কোনও বার্তা দিতে চাইছেন নতুন অর্থমন্ত্রী? এই নিয়ে জল্পনা বাড়ছে।

বাজেটের ফাইলের অভিনবত্ব নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং বললেন, “আমাদের সমস্ত সরকারি কাজেই জুটের ফাইল ব্যবহার করা হয়। তবে এটা ঠিক, সোমবার জুটশিল্পে নিশ্চয় কোনও কোনও বড় ঘোষণা হতে পারে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় জুটকে গুরুত্ব দেন।”

প্রসঙ্গত, ২০২১ সাল থেকে সম্পূর্ণ পেপারলেস বা ডিজিটাল বাজেট পেশ হয় সংসদে। ডিজিটাল ট্যাবলেটের মাধ্যমে কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট ঘিরে প্রত্যাশা-

বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। আর প্রথমবার বাজেট পেশ করতে চলেছেন স্বপন দাশগুপ্ত। মার্চেন্ট চেম্বার অব কমার্সের আশা, নতুন বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণে বিশেষ জোর দেওয়া হবে। উৎপাদন শিল্পের বিদ্যুৎ খরচ কমাতে ঘোষণার প্রত্যাশাও রয়েছে শিল্পমহলের। আগামিকালের বাজেটে শিল্প ও কর্মসংস্থানে জোর দেওয়া হতে পারে। আসতে পারে নতুন শিল্পনীতি। নতুন সরকারের প্রথম বাজেটে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হতে পারে। বৃহৎ বিনিয়োগ টানতে রাজ্যের শিল্পনীতিতে আমূল পরিবর্তনের ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Follow Us