
কলকাতা: দুর্নীতি রুখতে সাধারণ মানুষের জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য। মঙ্গলবার ভবানীভবনে এই হেল্পলাইনের সূচনা করতে গিয়ে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, নবান্নে কন্ট্রোল রুম সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চালু থাকবে। তবে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে কেউ যাতে মিথ্যা তথ্য না দেন, তা নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পুলিশের সংখ্যা বাড়াতে ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে বলে তিনি জানালেন। পুলিশকর্মীদের জন্য মাসিক রেশন ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করার কথাও ঘোষণা করলেন শুভেন্দু।
কী কী বললেন মুখ্যমন্ত্রী?
সিন্ডিকেট, কাটমানি-সহ বিভিন্ন অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বরের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের মানুষ সকলে ফোন করতে পারবেন। তবে কেউ অপব্যবহার করবেন না। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দিলে উপকার পাবেন। মিথ্যা তথ্য দিলে আইন অনুযায়ী যা নিয়ম আছে তাই হবে।” রাজ্যের পুলিশকে আরও সক্রিয় করার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “পুলিশের যে উচ্চতা বিগত দিনে ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর তিন দিনের সফরে এসে পুলিশ এবং পুলিশের বিভিন্ন বিভাগকে আরও কীভাবে আধুনিক এবং গতিশীল করা যায়, তাই নিয়ে আলোচলা করেছেন।”
পুলিশে নিয়োগের বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর-
রাজ্যে পুলিশকর্মীর সংখ্যা যথেষ্ট কম জানিয়ে শুভেন্দু বলেন, “ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে রাজ্যে। ৪৭ হাজার শূন্যপদ আছে। OBC জট কাটিয়ে উঠতে পেরেছি। ১৪ হাজার কনস্টেবল কাজে যোগ দেওয়ার জন্য ট্রেনিং নিয়ে বসে আছেন। তাদের দুর্গাপুজোর আগেই কাজে ব্যবহার করতে পারব।” পুলিশকর্মীর সংখ্যা নিয়ে উত্তর প্রদেশকে অনুসরণ করার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা উত্তর প্রদেশের সরকারকে অনুসরণ করতে পারি, যেখানে প্রতি ১ লক্ষ জনগণ পিছু ২০০ জন পুলিশকর্মী রয়েছেন।”
পুলিশকর্মীদের জন্য নানা পদক্ষেপ কথা জানিয়ে পুলিশমন্ত্রীর বক্তব্য, “পুলিশের আবাসন, কিচেন, অফিস-সহ বিভিন্ন জায়গায় অর্থ বরাদ্দ করার পদক্ষেপ করেছি। নানা ধরনের প্রযুক্তিগত সুবিধা যাতে কলকাতা ও রাজ্যের পুলিশ পায়, তার প্রয়াস নেওয়া হয়েছে। আপনারা অনেক পিছিয়ে আছেন পরিকাঠামোগত এবং সরকারি বিভিন্ন সাহায্যের ক্ষেত্রে। গাড়িগুলোর ইন্সুরেন্স থাকে না। দুর্ঘটনা ঘটলে বেনিফিট পায় না। চার হাজার গাড়ি ধাপে ধাপে ব্যবস্থা করা হবে। আধুনিক যানবাহনের ব্যবস্থা করব। আপনাদের ধাপে ধাপে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।”
কেন্দ্রের NIA-র ধাঁচে রাজ্যে SIA (স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি) গঠনের সিদ্ধান্তের কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, “মহিলা পুলিশকর্মীদের বাড়ির কাছাকাছি পোস্টিংয়ের কথা বলেছি। ১৫ বছরের বেশি যাঁরা দূরের জেলায় কাজ করেছেন, তাঁদের কাছের জেলায় যাতে ফিরিয়ে আনা যায়, তার জন্য বলেছি। পুলিশ আবাসনে জল পড়ে, আমাকে ছবি পাঠিয়েছিলেন। আমি DGP-কে পদক্ষেপ করতে বলেছি। থানার পরিকাঠামো যথাযথ নেই। পুলিশকর্মীদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। সপ্তম পে কমিশন এতদিন পাননি। রিপোর্ট এসে গেলে আগামী কয়েক মাসের মধ্যে পেয়ে যাবেন। IPS-দের নিচের যাঁরা আছেন, তাঁদের কথা ভাবা হয়নি। আমার করব। তবে একটু সময় লাগবে।”
পুলিশকর্মীদের রেশন ভাতা বাড়ল-
পুজোর আগে পুলিশকর্মীদের জন্য খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, শেষবার রেশন ভাতা বেড়েছিল ২০১৭ সালে। সেইসময় থেকে পুলিশকর্মীরা মাসে রেশন ভাতা পান দেড় হাজার টাকা। সেটাই এবার বাড়িয়ে করা হল ২ হাজার টাকা। অক্টোবর থেকে পুলিশকর্মীরা বাড়তি এই রেশন ভাতা পাবেন। ধীরে ধীরে আরও বাড়াবেন বলে জানালেন। একইসঙ্গে তিনি বলেন, “পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং তার সঙ্গে বর্ধিত DA-র টাকা দিতে বলেছি আমি।”