Nabanna: ক্যাশলেস পরিষেবায় বড় বদল! পুজোর আগেই সরকারি কর্মীদের সুখবর দিল নবান্ন

West Bengal Health Scheme: অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সুবিধাভোগীরা রাজ্যের মধ্যে প্রকল্পের আওতায় নথিভুক্ত বেসরকারি হাসপাতালে ইন-পেশেন্ট ডিপার্টমেন্ট (IPD)-এ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান। অর্থ দফতরের ৭ জুন, ২০২৩-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এই সুবিধা কার্যকর ছিল।

Nabanna: ক্যাশলেস পরিষেবায় বড় বদল! পুজোর আগেই সরকারি কর্মীদের সুখবর দিল নবান্ন
ক্যাশলেস পরিষেবায় বড় বদলImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 17, 2026 | 10:09 PM

কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। স্বাস্থ্যবিমায় উর্ধ্বসীমা বৃদ্ধি করল শুভেন্দু-সরকার। এতদিন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে (West Bengal Health Scheme) দুই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা (Cashless) পরিষেবা পেতেন সরকারি কর্মীরা। এবার তা বাড়িয়ে পাঁচ লক্ষ করা হল। বৃহস্পতিবার অর্থ দফতরের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

কী বলা হয়েছে নির্দেশিকায়?

অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সুবিধাভোগীরা রাজ্যের মধ্যে প্রকল্পের আওতায় নথিভুক্ত বেসরকারি হাসপাতালে ইন-পেশেন্ট ডিপার্টমেন্ট (IPD)-এ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান। অর্থ দফতরের ৭ জুন, ২০২৩-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এই সুবিধা কার্যকর ছিল। এরপর ১৪ অগস্ট, ২০২৬-এর অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে স্কিমের অনুমোদিত চিকিৎসার হার সংশোধন করা হয়েছে। এই সংশোধন এবং সংশ্লিষ্ট সমস্ত বিষয় বিবেচনা করে রাজ্যের মধ্যে প্রকল্পের আওতাভুক্ত বেসরকারি হাসপাতালে প্রতি বার ভর্তির ক্ষেত্রে বর্তমান ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার অনুমোদন দিয়েছেন রাজ্যপাল।

কবে থেকে মিলবে ক্যাশলেস পরিষেবা?

কবে থেকে মিলবে সুবিধা, তাও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ১ অক্টোবরের পর কোনও রোগী ওই প্রকল্পে অন্তর্ভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হলে, তবেই ৫ লক্ষের ক্যাশলেস সুবিধা পাবেন। অর্থাৎ ১ অক্টোবর থেকে এই সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে বলা যেতে পারে, পুজোর আগে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বড় উপহার দিল রাজ্য।

তৃণমূল সরকারের আমলে কী ঘোষণা হয়েছিল?

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অন্তর্বর্তীকালীন বাজেটে স্বাস্থ্যবিমায় বিশেষ সুবিধার ঘোষণা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, চিকিৎসার খরচ দুই লক্ষ টাকা ছাড়িয়ে গেলে পেনশনভোগী সরকারি কর্মচারীরা বাড়তি খরচের ৭৫ শতাংশ পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাবেন। অর্থাৎ আপনার চিকিৎসা খরচ যদি চার লক্ষ হয়, তাহলে দুই লক্ষ ক্যাশলেস পরিষেবার পরেও বাকি দুই লক্ষের ৭৫ শতাংশও ক্যাশলেস পাবেন। তবে, ক্ষমতায় এসে বিজেপি সরকার সরাসরি ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us