
কলকাতা: রামনবমীতে সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন। এ বছরই প্রথমবার রামনবমীতে ছুটি। শনিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৭ এপ্রিল রামনবমী উপলক্ষে ‘পাবলিক হলিডে’। যেহেতু সরকারি ছুটি ফলে সরকারি স্কুল, কলেজ, অফিস এবং সরকার পোষিত প্রতিষ্ঠান ছুটি থাকবে সেদিন।
এদিকে এই ছুটি ঘোষণার পরই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। দাবি করেন, তিনি এই ছুটি না দেওয়া নিয়ে বিভিন্ন সময় সরকারের সমালোচনা করেছেন। সে কারণেই এবার সরকার এই ছুটি দিল।
ফেসবুকে শুভেন্দু লেখেন, ‘চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথম বার রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আমি জানুয়ারি মাসে রাম নবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম, আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করল। জয় শ্রীরাম।’