
কলকাতা: এবার রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম নিয়ে বড় পদক্ষেপ শিক্ষা দফতরের। আজ (বুধবার) থেকে স্কুলে স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দে মাতরম। এই নিয়ে প্রধান শিক্ষকদের বার্তা পাঠিয়েছে শিক্ষা দফতর। বলা হয়েছে, জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরমও গাইতে হবে। এমনকি, রাষ্ট্রীয় গীত স্কুলে প্রার্থনার সময় গাওয়া হয়েছে কি না, তাও এদিন স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে দফতরে।
রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার স্কুলগুলিতে প্রার্থনার সময় রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ গাওয়ার নির্দেশ দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান ২০২৩ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত হিসেবে ঘোষণা করেছিল তৎকালীন সরকার। বিজেপি নতুন সরকার গঠন করেছে। এরপরই শিক্ষা দফতর স্কুলগুলিতে প্রার্থনার সময় বন্দে মাতরম গাইতে নির্দেশ দিল। জানা গিয়েছে, গতকাল প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ বার্তায় এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, রাজ্য সংগীত আর স্কুলগুলিতে প্রার্থনার সময় গাওয়া হবে কি না, তা নিয়ে বর্তমান সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। ফলে স্কুলগুলিতে আপাতত পড়ুয়াদের প্রার্থনার সময় তিনটি গান গাইতে হবে।
চলতি বছরের জানুয়ারিতে বন্দে মাতরম নিয়ে বড় সিদ্ধান্ত নেয় অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এক নির্দেশিকায় বলা হয়, এবার থেকে বন্দে মাতরমের ৬টি স্তবকই গাইতে হবে। ‘বন্দে মাতরম’ গান গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের উঠে দাঁড়াতে হবে। একইসঙ্গে বলা হয়, রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সংগীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ বাজানো হবে। কয়েকদিন আগে আবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা একটি প্রস্তাবে অনুমোদন করেছে। যেখানে বলা হয়েছে, জনগণমন-র সমমর্যাদা দেওয়া হবে বন্দে মাতরমকে।