
কলকাতা: সল্টলেকে মহিলার রহস্যমৃত্যু (Saltlake Woman Death)। বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, অফিসের বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন ওই মহিলা। মৃত মহিলা কর্মীর নাম ইমন রায় (৩৮)। চলতি মাসের শুরুতেই কাজে যোগ দিয়েছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন ওই মহিলা (Woman Death)। কিন্তু, কী কারণে আত্মহত্যা বা এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
সল্টলেক সেক্টর ২-এর ডিজে ব্লকের ঘটনা। শুক্রবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, যাদবপুরের রিজেন্ট পার্কের বাসিন্দা ইমন। আর পাঁচটা দিনের মতোই শুক্রবার কাজে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, হঠাৎ সন্ধে নাগাদ বিকট আওয়াজ হয়। তারপরই দেখা যায় রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে রয়েছেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পূর্ব থানার পুলিশ। তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। আদৌ ওই মহিলা বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই অফিসের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে। কোনও সমস্যা ছিল কি না ওই মহিলার বা অফিসে কিছু ঘটেছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।