
সবজি তাজা রাখতে বা খাবার মুড়ে রাখতে রান্নাঘরে অ্যালুমিনিয়াম ফয়েল (Aluminum foil) অনেকেই ব্যবহার করে থাকেন। কিন্তু এই চকচকে পাতলা কাগজটিই যে আপনার সাধের বাগানের ভোল বদলে দিতে পারে, তা কি কখনও ভেবেছেন? বাজারচলতি দামি রাসায়নিক বা কীটনাশক না কিনেও, স্রেফ ঘরের এই সাধারণ জিনিসটি দিয়েই গাছের দুর্দান্ত পরিচর্যা করা সম্ভব। গাছকে পোকার হাত থেকে বাঁচানো থেকে শুরু করে পাখির উপদ্রব কমানো, হরেক রকমের মুশকিল আসান লুকিয়ে রয়েছে এতে। কীভাবে নিজের বাগানে এর ম্যাজিক দেখবেন? রইল ৫টি সহজ টোটকা।
১. ফলের গাছে পাখির উপদ্রব বন্ধ:
কষ্ট করে গাছে ফল ফলালেন, আর তা পাকার আগেই পাখিরা এসে খেয়ে গেল, এমন অভিজ্ঞতা বহু বাগানপ্রেমীরই হয়েছে। এর সহজ সমাধান লুকিয়ে রয়েছে অ্যালুমিনিয়াম ফয়েলে। গাছের ডালে ছোট ছোট ফয়েলের টুকরো বা ঝুলিয়ে দিন। ফয়েলের চকচকে ভাব আলোয় যখন চকচক করবে এবং বাতাসে নড়াচড়া করবে, তখন পাখিরা ভয় পেয়ে গাছের কাছাকাছি আসবে না। কোনও ক্ষতি না করেই পাখিদের দূরে রাখার এটি অত্যন্ত পরিবেশবান্ধব উপায়।
২. পোকামাকড় তাড়ানো:
গাছের গোড়ার মাটিতে আর্দ্রতা ধরে রাখতে অনেকেই মালচিং করেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মালচিংয়ের সঙ্গে যদি অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো মিশিয়ে দেওয়া যায়, তবে পোকার উপদ্রব এক ধাক্কায় অনেক কমে। ‘হাউস্টাফওয়ার্কস’-এর একটি গবেষণা ও রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ফয়েলের প্রতিফলিত আলো মাটির পোকা ও ক্ষতিকর পতঙ্গদের গাছ থেকে দূরে রাখতে দারুণ কার্যকর।
৩. কম আলোতেও গাছের বৃদ্ধিতে সাহায্য:
শহরের ফ্ল্যাটবাড়ির বারান্দায় বা বাগানের সব জায়গায় সমান রোদ পৌঁছায় না। ফলে আলোর অভাবে অনেক গাছ ঝিমিয়ে পড়ে। ফয়েল পেপারের প্রতিফলিত হওয়ার ক্ষমতা এখানে দারুণ কাজে আসে। টবের চারপাশে বা মাটিতে ফয়েল বিছিয়ে রাখলে, সূর্যের আলো তাতে ধাক্কা খেয়ে গাছের অন্ধকার অংশেও প্রতিফলিত হয়। এর ফলে গাছ সারা দিন ধরে অতিরিক্ত আলো পায়, যা তার সালোকসংশ্লেষ ও বৃদ্ধিতে সাহায্য করে।
৪. এক জিনিসেই জোড়া ফায়দা:
সবচেয়ে মজার বিষয় হল, এর জন্য আলাদা করে কোনও খরচ নেই। রান্নাঘরের কাজের পর বেঁচে যাওয়া বা একবার ব্যবহার করা ফয়েলও আপনি অনায়াসে বাগানের কাজে লাগাতে পারেন। বাড়তি টাকা খরচ না করে একই জিনিসকে দু’ভাবে ব্যবহার করার এমন স্মার্ট উপায় আর কী-ই বা হতে পারে!
৫. সহজ ঘরোয়া টোটকা:
দামি কোনও গার্ডেনিং টুলের বদলে স্রেফ হাতের কাছে থাকা এই ঘরোয়া জিনিসটি দিয়েই আপনি আপনার বাগানকে সুরক্ষিত রাখতে পারছেন। গাছের সুরক্ষায় কোনও কেমিক্যাল ব্যবহার না করে এই সহজ কৌশলটি ব্যবহার করলে বাগান থাকবে সম্পূর্ণ নিরাপদ ও সতেজ।