
ঘর পরিষ্কার রাখতে কে না চান। অনেকের ক্ষেত্রে সময়ের অভাবে হয়তো রোজ পরিষ্কার করা সম্ভব হয় না। এর ফলে সবচেয়ে বেশি সমস্যা হয় রান্নার জায়গা বা কিচেন নিয়ে। তেলচিটে হয়ে থাকে। হঠাৎ একদিন পরিষ্কার করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। রান্নাঘরে দুর্গন্ধও হয়। পরিবেশটাও অস্বাস্থ্যকর। শুধু রান্না ঘরই বা কেন, এমন অনেক কাজে লাগে, এমনই একটা জিনিস রয়েছে। দামেও সস্তা। তবে কার্যকারিতা অনেক। সেটা হল অ্যাপেল ভিনিগার। পার্থক্যটা কী? বেশ কয়েকটি উপাদান দিয়ে তৈরি ভিনিগারই বাজারে পাওয়া যায়। এর মধ্যে আপেলের তৈরি ভিনিগার অনেক বেশি কার্যকর। সে বিষয়ে আরও একটু জেনে নেওয়া যাক।
রান্নার বাসনের দাগ
অনেক সময়ই খাবার জ্বলে গেলে, লেগে ধরলে রান্নার বাসন কালো হয়ে যায়। সেই দাগ তুলতে হিমসিম খেতে হয়। এই ক্ষেত্রে, যদি এক কাপ আপেল ভিনিগার, এক কাপ জল একটি প্যানে ঢেলে গরম করা হয় তবে, সেই বাসনকে পরিষ্কার করা যেতে পরে। ভিনিগার, জল ও দু-চামচ বেকিং সোডা মিশিয়ে সেই কালো হয়ে যাওয়া বাসনে লাগিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে সেটি জল দিয়ে ধুয়ে ফেললেই কেল্লাফতে। নতুনের মতো চকচকে হবে বাসন।
চশমার দাগ
যাঁরা নিয়মিত চশমা ব্যবহার করেন, তাঁদের কাছে বড় সমস্যা অনেক সময়ই কাচে দাগ লেগে যায়। কিছু ক্ষেত্রে সেই দাগ এতটাই শক্ত হয় যে কাপড় দিয়ে মুছলেও তা যেতে চায় না। দেখতে সমস্যা হয়। যদি সামান্য আপেল ভিনিগার একটি নরম কাপড়ে মিশিয়ে চশমা মোছা হয়, এই দাগ যেতেই পারে।
হাতের দুর্গন্ধ
মাছ, মাংস ধোঁয়া। পেঁয়াজ কাটার ফলেও হাতে অনেক সময় দুর্গন্ধ হয়। যা অনেকটা সময় থেকে যায়। সাবান দিয়ে হাত ধুলেও সেই গন্ধ মেটে না। জলের সঙ্গে সামান্য আপেল সিডার ভিনিগার দিয়ে হাত ধুয়ে দেখুন, সহজেই এই সমস্যা মিটতে পারে।
বাড়ির বাগানের আগাছা সাফাইয়েও কার্যকরী ভূমিকা নিতে পারে আপেল দিয়ে তৈরি ভিনিগার। জলের সঙ্গে আপেল ভিনিগার মিশিয়ে স্প্রে করে দেখুন। ফল মিলবেই।
বাচ্চার দুধের বোতল পরিষ্কার করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন আপেল ভিনিগার। বোতল ভালো ভাবে পরিষ্কার না হলে তাতে ব্যাকটেরিয়া জমতে পারে। তাতে শিশুর স্বাস্থ্যে প্রভাব পড়বে। ফোটানো জলে আপেল ভিনিগার মিশিয়ে পরিষ্কার করতে পারেন।
লোডশেডিং হোক বা রোমান্টিক ডিনার। কিংবা পুজোর ঘর। অনেক সময়ই মোমবাতি জ্বালাতে হয়। এর জন্য ফ্লোরে মোমবাতির দাগ লেগে থাকে। যা পরিষ্কার করা খুবই কঠিন। এখানেও মুশকিল আসান হতে পারে আপেল ভিনিগার। জলের সঙ্গে মিশিয়ে কাপড় দিয়ে সেই জায়গা মুছে নিন।
আরও একটা গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে আপেল ভিনিগার। অনেক সময়ই নতুন বাসন কেনার পর স্টিকার তুলতে কালঘাম ছোটে। দেখা যায়, কিছুটা অংশ উঠছে, কিন্তু কিছুটা থেকেই যাচ্ছে। স্টিকার বা লেবেলে ভিনিগার স্প্রে করে দেখুন, কাজ হবে।