
বাঙালির হেঁশেলে পোস্ত (Poppy Seeds) অত্যন্ত জনপ্রিয় একটি উপাদান। গরম ভাতের সঙ্গে আলু পোস্ত কিংবা ঝিঙে পোস্ত পাতে পড়লেই মন ভরে যায়। যেকোনও উৎসবের দিনে বা রবিবারের দুপুরের পাতে শুক্তো দিয়ে খাওয়া শুরু করা বাঙালির বহু পুরনো অভ্যাস। আর সেই শুক্তোকে আরও বেশি মাখোমাখো ও সুস্বাদু করতে বেশিরভাগ গৃহিণীই পোস্ত বাটা ব্যবহার করতে ভালোবাসেন। কিন্তু এমন তো হতেই পারে, সবজি কাটা হয়ে গিয়েছে, কড়াইয়ে ফোড়নও পড়ে গিয়েছে, আর ঠিক তখনই দেখলেন কৌটোয় পোস্ত শেষ হয়ে গিয়েছে! তখন কিন্তু বেশ মুশকিলে পড়তে হয়। আবার পোস্তর যে হারে দাম বেড়েছে, তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়।
এমন পরিস্থিতিতে স্বাদ নিয়ে আপস করার বা রান্না থামিয়ে রাখার কোনও প্রয়োজন নেই। হাতের কাছে থাকা মাত্র তিনটি ঘরোয়া উপাদান দিয়েই শুক্তোয় এনে ফেলতে পারেন সেই দারুণ স্বাদ। দেখে নিন পোস্ত ছাড়াই কীভাবে রান্না করবেন জিভে জল আনা শুক্তো।
১. বাদাম বাটা (Nut Paste)
শুক্তোর গ্রেভি ঘন ও সুস্বাদু করতে পোস্তর বদলে বাদাম বাটা দিতে পারেন। হাতের কাছে চিনেবাদাম কিংবা কাজুবাদাম থাকলে তা সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিন। শুক্তোর ঝোলে এই বাটা মিশিয়ে দিলেই চমৎকার একটি ক্রিমি ভাব আসবে এবং খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। শুধু শুক্তো নয়, মাছের ঝোল বা অন্য যে কোনও নিরামিষ তরকারিতেও এটি অনায়াসে ব্যবহার করা যায়।
২. সাদা তিল বাটা (White Sesame Seeds Paste)
পোস্তর সবচেয়ে দারুণ ও স্বাস্থ্যকর বিকল্প হল সাদা তিল। অনেকে আলু ভাজার উপর পোস্ত ছড়ান, সেখানেও কিন্তু সাদা তিল ব্যবহার করা যায়। শুক্তো তৈরির সময় পোস্তর জায়গায় সাদা তিল বেটে দিয়ে দিন। এর স্বাদ যেমন চমৎকার হয়, তেমনই শরীরের জন্যও এটি ভীষণ উপকারী। গবেষণায় দেখা গিয়েছে, সাদা তিল শরীরের হরমোনের ভারসাম্য রক্ষা করতে এবং রক্তের সুগার বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
৩. চারমগজ বাটা (Melon Seeds Paste)
বাঙালি রান্নায় সুস্বাদু গ্রেভি তৈরির জন্য চারমগজ বাটা বহু বছর ধরেই ব্যবহার করা হয়ে আসছে। ঘরে পোস্ত না থাকলে শুধুমাত্র চারমগজ ভালো করে বেটে শুক্তোয় মিশিয়ে দিতে পারেন। এতে শুক্তোর ঝোল বেশ মোলায়েম ও ঘন হয় এবং রান্নার আসল স্বাদ একদম বজায় থাকে।
তাই রান্নার সময় পোস্ত না থাকলেও চিন্তা নেই, এই তিনটি ঘরোয়া উপকরণ দিয়েই চটপট বানিয়ে নিন সুস্বাদু শুক্তো।