
বিয়ের পিঁড়িতে কবার বসবেন? সংসার জীবন কি মধুময় হবে, নাকি লুকিয়ে আছে কোনও বড় অশান্তির মেঘ? এই সব প্রশ্নের উত্তর পেতে অনেকেই জ্যোতিষীর দ্বারস্থ হন, আবার কখনও ইন্টারনেটে ভাগ্য খোঁজেন। কিন্তু জানেন কি, আপনার হাতের চেটোই বলে দেবে কয়া বিয়ে করবেন আপনি? সমুদ্রবিদ্যার প্রাচীন বিধান অনুযায়ী, আমাদের হাতের কনিষ্ঠা বা কড়ে আঙুলের ঠিক নিচেই রয়েছে ‘বিবাহ রেখা’। তবে এই রেখা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, হাতে তিনটে রেখা থাকা মানেই বোধহয় তিনবার বিয়ে! আসলে কি তাই?
হাতের কনিষ্ঠা আঙুলের মূল দেশ এবং হৃদয় রেখার ঠিক মাঝখানে আড়াআড়ি যে ছোট ছোট রেখা দেখা যায়, তাকেই জ্যোতিষশাস্ত্রে বিবাহ রেখা বলা হয়। সমুদ্রবিদ্যার প্রমাণ অনুযায়ী, এই রেখাটি যদি গভীর, স্পষ্ট এবং লালচে আভার হয়, তবে সেই ব্যক্তির দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। কিন্তু রেখাটি যদি অস্পষ্ট বা শিকলের মতো জড়িয়ে থাকে, তবে বুঝতে হবে সম্পর্কে জটিলতা আসার সম্ভাবনা প্রবল।
একাধিক রেখা মানেই কি একাধিক বিয়ে?
অনেকের হাতেই দুই বা তিনটি রেখা দেখা যায়। শাস্ত্রীয় গবেষণা বলছে, এর মানেই যে আপনি বারবার বিয়ের পিঁড়িতে বসবেন, তা কিন্তু নয়। আসলে বুধের ক্ষেত্রের এই ছোট ছোট রেখাগুলো আপনার জীবনের গভীর প্রেমের সম্পর্ক বা ইমোশনাল অ্যাটাচমেন্টকেও নির্দেশ করে। তবে হ্যাঁ, যদি দেখা যায় দুটি রেখাই সমানভাবে গভীর, চওড়া এবং সমান্তরাল ভাবে এগিয়ে গিয়েছে, তবেই হস্তরেখাবিজ্ঞান অনুযায়ী একাধিক বিয়ের সম্ভাবনা রয়েছে। অন্যথায়, হালকা রেখাগুলো কেবল ক্ষণস্থায়ী সম্পর্কের ইঙ্গিত দেয়।
আপনার বিয়ে কি অল্প বয়সে হবে নাকি দেরি আছে? এটি বোঝার একটি সহজ সূত্র রয়েছে। হৃদয় রেখা থেকে কনিষ্ঠার মূল পর্যন্ত দূরত্বকে ৫০ বছর সময়সীমা ধরা হয়। যদি আপনার বিবাহ রেখাটি একদম মাঝামাঝি জায়গায় থাকে, তবে ধরে নেওয়া হয় ২৫ থেকে ২৭ বছরের মধ্যেই আপনার বিয়ের সানাই বাজবে। রেখাটি হৃদয় রেখার যত কাছাকাছি থাকবে, বিয়ে তত তাড়াতাড়ি হওয়ার যোগ থাকে। আর যদি এটি কনিষ্ঠার দিকে বেশি ঝুঁকে থাকে, তবে বুঝতে হবে আপনার বিয়ে হবে বেশি বয়সে।
জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ চিহ্নকে সতর্কবার্তা হিসেবে দেখা হয়। যেমন—
যব চিহ্ন (Island): রেখার মাঝে যদি দ্বীপের মতো গোল চিহ্ন থাকে, তবে বুঝতে হবে দাম্পত্য জীবনে বড় কোনও বাধা বা বিচ্ছেদ আসতে পারে।
নিচের দিকে ঢালু রেখা: বিবাহ রেখাটি যদি হঠাৎ নিচের দিকে নেমে গিয়ে হৃদয় রেখাকে স্পর্শ করে, তবে তা জীবনসঙ্গীর শারীরিক অসুস্থতা বা গভীর শোকের কারণ হতে পারে।
কাঁটা চিহ্ন (Cross): রেখার উপরে কোনও ক্রস বা তিল থাকলে তা বিবাহের ক্ষেত্রে আকস্মিক কোনও বিপত্তি বা ঝামেলার ইঙ্গিত দেয়।
তবে হাতের রেখা গাইড করে ঠিকই। তবে মানুষের কর্ম এবং মানসিকতাই ভাগ্য পরিবর্তন করে। তাই হাতের রেখা দেখে ভেঙে না পড়ে বরং সতর্ক হয়ে পথ চলাই বুদ্ধিমানের কাজ।