Salad and Fiber Myth: রোজ স্যালাড খেলে কী আদতেও কোনও লাভ হয়? চিকিৎসক বলছেন…

High fiber foods: রোজ নিয়ম করে এক বাটি স্যালাড খেলেই কি ফাইবারের দৈনিক চাহিদা পূরণ হয়? এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিলেন চিকিৎসক ডা. স্বদেশ মান্না। সুস্থ থাকতে কোন কোন খাবারের ওপর জোর দিতে হবে, জানালেন ডাক্তারবাবু।

Salad and Fiber Myth: রোজ স্যালাড খেলে কী আদতেও কোনও লাভ হয়? চিকিৎসক বলছেন...
কী বলেছেন চিকিৎসক?Image Credit source: Free pik

Jul 19, 2026 | 3:17 PM

ওজন ঝরানো থেকে শুরু করে পেটের নানা সমস্যা দূর করা, ডায়েট মানেই আজকালকার প্রজন্মের মাথায় সবার আগে আসে শসা, টমেটো আর লেটুস পাতার সেই চেনা স্যালাড। অনেকেই ভাবেন রোজ এক বাটি কাঁচা স্যালাড খেলেই বুঝি শরীরের সব পুষ্টির ম্যাজিক হয়ে যাবে। কিন্তু এই চেনা ধারণাটাকেই এবার একেবারে ভেঙে দিলেন চিকিৎসক ড: স্বদেশ মান্না। তাঁর স্পষ্ট দাবি, এই অভ্যাস উপকারের চেয়ে মনের সান্ত্বনা দেয় বেশি। আপনি যদি ভাবেন রোজকার ব্রেকফাস্ট কিংবা ডিনারে শুধু এক বাটি স্যালাড চিবিয়েই শরীরের ফাইবারের দৈনিক কোটা একশো শতাংশ পূরণ করে ফেলছেন, তবে মস্ত বড় ভুল করছেন।

 

সুস্থ ও সতেজ শরীরের জন্য ফাইবার বা আঁশজাতীয় খাবার অপরিহার্য। এটি আমাদের পরিপাকতন্ত্রকে সচল রেখে পেটের স্বাস্থ্য ভালো রাখে, কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় এবং রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঢাল হিসেবে কাজ করে। তবে আসল মুশকিলটা অন্য জায়গায়। ড: স্বদেশ মান্না এই প্রসঙ্গে বলেন, “আমরা সাধারণত যে সব সবজি দিয়ে স্যালাড তৈরি করি, তার সিংহভাগ জুড়েই থাকে জল। এতে ফাইবারের পরিমাণ থাকে নামমাত্র, বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ‘লো ডেন্সিটি ফাইবার’।”

 

অথচ চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুস্থ থাকতে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবার খাওয়া জরুরি। ড: মান্না হিসেব কষে দেখিয়েছেন, এই বিপুল পরিমাণ ফাইবারের চাহিদা যদি আপনি শুধুমাত্র স্যালাড খেয়েই মেটাতে চান, তবে আপনাকে প্রতিদিন অন্তত কয়েক কেজি কাঁচা সবজি চিবিয়ে যেতে হবে! যা কোনও মানুষের পক্ষে বাস্তবে হজম করা বা খাওয়া, কোনওটাই সম্ভব নয়।

 

তাহলে শরীর পর্যাপ্ত ফাইবার পাবে কীভাবে? এই চিকিৎসকের মতে, এর জন্য প্লেটে এমন কিছু খাবার রাখতে হবে যা অল্প পরিমাণে খেলেই শরীর সঠিক পুষ্টি পায়। অর্থাৎ, ডায়েটে জায়গা দিতে হবে ‘হাই ডেন্সিটি ফাইবার’ সমৃদ্ধ খাবারকে, যা নিয়ে সচরাচর খুব বেশি আলোচনা হয় না। ফাইবারের এই ঘাটতি মেটানোর উপায় বাতলে ড: স্বদেশ মান্না জানিয়েছেন, “এই ঘাটতি দূর করতে রোজকার খাদ্যতালিকায় ওটস, হরেক রকমের ডাল, হোল গ্রেন বা গোটা শস্য এবং ফলের খোসা যুক্ত খাবার বেশি করে রাখতে হবে।” চিকিৎসকের পরামর্শ, এই খাবারগুলি নিয়মিত ঘুরিয়ে-ফিরিয়ে খেলে প্রতিদিনের প্রয়োজনীয় ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবারের চাহিদা খুব সহজেই শরীরে মিটে যাবে। তাই আজ থেকেই শুধু স্যালাডের ওপর ভরসা না রেখে, ডায়েটে এই দরকারি বদল আনাটা অত্যন্ত জরুরি।

Follow Us