White rice weight gain facts: সাদা ভাত খেলেই ঝড়ের গতিতে ওজন বাড়ে? পুষ্টিবিদ বলছেন…

White rice cause weight gain: প্রতিদিন পাতে সাদা ভাত খেলে কি সত্যি ওজন বাড়ে? ডায়েটিশিয়ানদের কথা ও গবেষণার আসল তথ্য জেনে সঠিক নিয়মে ভাত খাওয়ার কৌশল জানুন। কী কী নিয়ম মেনে চলবেন?

White rice weight gain facts: সাদা ভাত খেলেই ঝড়ের গতিতে ওজন বাড়ে? পুষ্টিবিদ বলছেন...
কী বলছেন বিশেষজ্ঞরা?Image Credit source: Free pik

Jul 29, 2026 | 2:00 PM

সাদা ভাত (White Rice) ছাড়া অনেকেরই দুপুরের খাওয়া ঠিক জমে ওঠে না। এক থালা গরম ভাত আর সঙ্গে একটু ডাল বা তরকারি হলে পেট ও মন, দুটোই বেশ শান্ত হয়। কিন্তু ইদানীং ওজন বা মেদ বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই থালা থেকে ভাত একেবারে ছেঁটে ফেলছেন। অনেকেই বলেন, বেশি সাদা ভাত নাকি তাড়াতাড়ি মোটা করে দেয়! কিন্তু এই কথাটা কতটা সত্যি? সত্যি কি ভাতের জন্যই মেদ বাড়ে, নাকি ভুলটা অন্য কোনও জায়গায়?

আসল সত্যিটা ঠিক কী?

কৈলাশ দীপক হাসপাতালের খাদ্যবিশেষজ্ঞ (কন্সালট্যান্ট ডায়েটিশিয়ান) পায়েল দত্তের মতে, শুধু সাদা ভাত খেলেই কিন্তু কারও ওজন হু হু করে বেড়ে যায় না। মানুষ মোটা হয় তখনই, যখন সারাদিনে শরীরে প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি ঢোকে। সহজ কথায়, আপনি কতটা খাচ্ছেন আর সারাদিনে কতটা পরিশ্রম করছেন, সেটার ওপরই ওজন বাড়ে বা কমে। তাই কেবল ভাতকে দোষ দেওয়া এক্কেবারে ভুল।

ভাত হলো কার্বোহাইড্রেটের দুর্দান্ত উৎস, যা আমাদের শরীরে শক্তি জোগায়। তবে হ্যাঁ, লাল চাল বা ব্রাউন রাইসের তুলনায় সাদা ভাতে ফাইবারের পরিমাণ একটু কম থাকে। কারণ প্রক্রিয়াকরণের সময় চালের ছাল বা ওপরের অংশ বাদ পড়ে যায়। ফাইবার কম থাকার ফলে সাদা ভাত খাওয়ার পর পেট হয়তো দ্রুত খালি হয়ে যেতে পারে এবং আবার খিদে পেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে ভাত খাওয়া একবারে বন্ধ করে দিতে হবে।

গবেষণা কী বলছে?

বিজ্ঞান বা গবেষণার দিকে তাকালেও কিন্তু নির্দিষ্ট কোনও একতরফা উত্তর মেলেনি। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে, অনেকটা পরিমাণে সাদা ভাত খেলে ওজন বাড়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে। আবার অনেক গবেষণায় দেখা গিয়েছে, পরিমাণ মতো ভাত খেলে ওজনের ওপর তেমন কোনও খারাপ প্রভাব পড়ে না। তাই ভাত খাওয়া মানেই মোটা হয়ে যাওয়া, এই ধারণার পেছনে পুরোপুরি জোরালো কোনও প্রমাণ নেই।

খাওয়ার নিয়মে পরিবর্তন আনুন

ওজন নিয়ন্ত্রণে রাখতে আসল খেলাটা লুকিয়ে আছে আপনি সারাদিন কী কী খাচ্ছেন তার ওপর। ভাতের সঙ্গে যদি আপনি ডাল, তাজা শাকসবজি, দই, ডিম, মাছ বা মুরগির মাংস রাখেন, তবে পেট অনেকক্ষণ ভরা থাকবে। কারণ শাকসবজি ও ডাল থেকে ফাইবার আর ডিম-মাছ থেকে প্রোটিন পাওয়া যায়। এতে শরীরের রক্তের শর্করাও নিয়ন্ত্রণে থাকে। আর একটা ছোট টিপস, ভাত সবসময় ভেজে বা ফ্রাইড রাইস বানিয়ে না খেয়ে, জলে ফুটিয়ে সেদ্ধ করে খাওয়া সবচেয়ে ভালো। এতে ভাতের বাড়তি মাড় বা স্টার্চ অনেকটাই বাদ চলে যায়।

তাই ভাত দেখে আর ভয় পাওয়ার দরকার নেই। প্রতিদিনের থালায় ভাতের পরিমাণ ঠিক রাখুন, পুষ্টিকর খাবার সঙ্গে রাখুন আর সারাদিনে একটু হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করুন। এক বাটি গরম ভাত খেয়েও আপনি সুন্দর ও সুস্থ থাকতে পারেন!

Loading...
Unable to load recommendations.
Follow Us