
দ্রুত জীবনযাপনের মধ্যে ওজনকে বশে রাখা খুব কঠিন। সময়মতো খাওয়া-দাওয়া থেকে শুরু করে সঠিক খাবার খাওয়া, সবই নির্ভর করে ওজনকে নিয়ন্ত্রণে রাখা ক্ষেত্রে। পাশাপাশি শরীরচর্চাও ভীষণ জরুরি। কিন্তু সময়ের অভাবে কিংবা কাজ করার এনার্জি কম থাকার কারণে এগুলো কোনওটাই ঠিকমতো হয় না। ব্রেকফাস্ট, ডিনারের নির্দিষ্ট সময় নেই। তাছাড়া প্রায়দিন বাইরের খাবার খেয়ে পেট ভরান। ফাস্ট ফুড খেলে কোনওভাবেই ওজন কমানো যায় না। কিন্তু আপনি স্বাস্থ্যকর খেয়েও যদি ওজন কমাতে না পারেন ধনের সাহায্য নিন।
রান্নায় প্রায়শই ধনে ব্যবহার হয়। কিন্তু এই মশলার গুণাগুণ সম্পর্কে অনেকেরই অজানা। পুষ্টি ও বায়োঅ্যাক্টিভ যৌগে ভরপুর ধনে, যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। আর সবচেয়ে বেশি প্রভাব ফেলে ওজনকে বশে রাখার ক্ষেত্রে। সঠিক উপায়ে ধনে খেলে এটি খিদেকে নিয়ন্ত্রণে রাখে, ক্যালোরি গ্রহণের মাত্রা কমায় এবং ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি হজম স্বাস্থ্য ও মেটাবলিজম উন্নত করে। কিন্তু কোন উপায়ে ধনে খাবেন? রইল টিপস।
ধনে গুঁড়ো: রান্নায় বেশিরভাগ ক্ষেত্রে ধনে গুঁড়ো ব্যবহার করা হয়। এতে খাবার স্বাদ আসে। পাশাপাশি বাড়ে খাবারের পুষ্টিগুণও। আপনি স্যালাদ, স্যুপ কিংবা তরকারিতে ধনে গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। এতে শরীর-স্বাস্থ্য ভাল থাকবে এবং ওজনও বাড়বে না।
ধনের চা: ধনের চা দেহে ডিটক্সিফিকেশনের কাজ করে। এই চায়ে চুমুক দিলে দেহে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে যায়। এটি ফ্যাটকে গলাতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা বজায় রাখে। ২ কাপ জলে ১ চামচ গোটা ধনে মিশিয়ে ফুটিয়ে নিন। এতে মধু মিশিয়ে পান করুন।
ধনের ডিটক্স ড্রিংক্স: ওজন কমাতে আপনি গোটা ধনের পানীয় বানিয়ে খেতে পারেন। গোটা ধনের সঙ্গে শুকনো পুদিনা পাতা মিক্সিতে গুঁড়ো করে নিন। এবার এক গ্লাস জলে এই পাউডার ও লেবুর রস মিশিয়ে দিন। স্বাদের জন্য অল্প নুন মিশিয়ে পান করুন। খালি পেটে কিংবা শরীরচর্চা করার আগে বা পরে এই পানীয় খেলে সহজেই ওজন কমবে।
ধনের জল: এক গ্লাস জলে এক চামচ গোটা ধনে সারারাত ধরে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে এই জল ছেঁকে নিয়ে পান করুন। এই পানীয় খালি পেটে পান করলে চটজলদি উপকার পাবেন।