
বর্ষার মরসুমে ইলিশ মাছ (Ilish Fish) পাতে না পড়লে যেন বাঙালির খাওয়াদাওয়া অসম্পূর্ণ থেকে যায়। এখন বাজারে ইলিশের জোগান বেশ কম, অথচ চাহিদা আকাশছোঁয়া। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। চড়া দামে ইলিশ ভেবে কিনে আনার পর দেখা যাচ্ছে, মাছের সেই মনমাতানো স্বাদ বা গন্ধ কিছুই নেই। আসল ইলিশের নাম করে বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে সার্ডিন বা চন্দনা মাছ। চেহারায় কাছাকাছি মিল থাকায় সাধারণ মানুষ সহজেই এই ফাঁদে পা দিয়ে ঠকে যাচ্ছেন। কষ্টের টাকায় কেনা মাছ ভেজে বা ঝোল রান্না করে পাতে দেওয়ার পর যখন দেখা যায় ইলিশের নামগন্ধও নেই, তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে একটু চোখ-কান খোলা রাখলেই কিন্তু জালিয়াতি ধরে ফেলা সম্ভব।
কীভাবে চিনবেন আসল ইলিশ?
আসল ইলিশ চেনার সবচেয়ে সহজ উপায় হল তার শরীরের গঠন বা গড়ন বুঝে নেওয়া। বাজার করার সময় মাছটির দিকে ভালো করে খেয়াল করুন। একটি আসল ইলিশের পেট এবং পিঠ দুটি অংশই একদম সমানভাবে বাঁকানো থাকে। যার ফলে মাছটিকে দেখতে অনেকটা তাঁতের মাকুর মতো লাগে। অন্যদিকে চন্দনা বা সার্ডিন মাছের পেটের দিকটি পিঠের অংশের চেয়ে অনেক বেশি বাঁকা এবং ঢালু হয়। শুধু তাই নয়, এদের দৈর্ঘ্য বা আকারের মধ্যেও একটা বিরাট ফারাক রয়েছে। সার্ডিন মাছ কোনওদিনই খুব বেশি বড় হয় না, এদের দৈর্ঘ্য সাধারণত ৬ থেকে ২০ সেন্টিমিটারের মধ্যেই আটকে থাকে। কিন্তু একটি পূর্ণবয়স্ক আসল ইলিশ মাছ লম্বায় প্রায় ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তাই আকারে ছোট ও পেটের দিক বেশি ফোলা মাছ দেখলেই একটু সাবধান হওয়া দরকার।
দ্বিতীয়ত, গন্ধ শুঁকে আসল-নকল চেনার কৌশলটি সবচেয়ে বেশি কাজ দেয়। আপনি যদি কাঁচা ইলিশ মাছ নাকের কাছে নিয়ে যান, তবে তার মধ্যে একটা খুব সুন্দর ও মিষ্টি নিজস্ব গন্ধ পাবেন। মাছপ্রেমী বাঙালিরা এই গন্ধ এক চান্সেই চিনে নিতে পারেন। তবে সার্ডিন বা চন্দনা মাছের মধ্যে ইলিশের এই চেনা সুবাস কিন্তু বিন্দুমাত্র থাকে না। তাই বাজারে মাছ কেনার আগে ভালো করে তার গন্ধ শুঁকে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।
তৃতীয়ত, মাছের পাখনা এবং লেজের রঙের দিকে নজর দিন। খুব ভালো করে দেখলে বুঝবেন, সার্ডিন মাছের পিছনের দিকের পাখনা এবং লেজের রঙ খানিকটা ঘোলাটে বা ময়লাটে ধরনের হয়। কিন্তু একটি তাজা ও আসল ইলিশের পাখনা আর লেজ বেশ পরিষ্কার এবং সাদাটে দেখায়। এই রঙের তফাত দেখেই আপনি আসল ও নকল মাছ আলাদা করে ফেলতে পারবেন।
সবশেষে দেখুন মাছটি কতটা শক্ত ও তাজা রয়েছে। টাটকা ইলিশ মাছ হাত দিয়ে ধরলে সব সময় বেশ টানটান ও শক্ত মনে হয়। কিন্তু মাছটি হাতে তুলে নেওয়ার পর যদি দেখেন তার মাথা আর লেজের দিকটা নিচের দিকে ঢলে বা ঝুঁকে পড়ছে, তবে বুঝে নেবেন মাছটি বাসি বা বরফে অনেক দিন ধরে জমা রাখা। বরফ দেওয়া বা বাসি মাছের স্বাদ কিন্তু কখনোই ভালো হয় না, তা রান্না করলেও সেই কাঙ্ক্ষিত স্বাদ মিলবে না। তাই পরের বার বাজার গিয়ে এই সহজ উপায়গুলি ধাপে ধাপে মিলিয়ে দেখে তবেই কষ্টের টাকা দিয়ে ইলিশ মাছ কিনবেন।