পায়ের ওপর পা তুলে বসা কি সত্যিই ক্ষতিকর? জেনে নিন কী বলছে চিকিৎসক

‘ক্রস লেগ’ পজিশন নিয়ে অনেককেই সতর্ক করতে শোনা যায়। বলা হয়, এভাবে বসলে শিরদাঁড়া বেঁকে যায়, রক্ত সঞ্চালনে সমস্যা হয় কিংবা ভেরিকোজ ভেইনস-এর মতো জটিলতা দেখা দেয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতামতে উঠে আসছে অন্য এক সত্য।

পায়ের ওপর পা তুলে বসা কি সত্যিই ক্ষতিকর? জেনে নিন কী বলছে চিকিৎসক

|

Apr 11, 2026 | 4:07 PM

বসার ভঙ্গিমা নিয়ে আমাদের সমাজে নানা বিধিনিষেধ প্রচলিত আছে। বিশেষ করে এক পায়ের ওপর অন্য পা তুলে বসা বা ‘ক্রস লেগ’ পজিশন নিয়ে অনেককেই সতর্ক করতে শোনা যায়। বলা হয়, এভাবে বসলে শিরদাঁড়া বেঁকে যায়, রক্ত সঞ্চালনে সমস্যা হয় কিংবা ভেরিকোজ ভেইনস-এর মতো জটিলতা দেখা দেয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতামতে উঠে আসছে অন্য এক সত্য।

এ কথা ঠিক যে, এক পায়ের ওপর অন্য পা তুলে বসলে স্নায়ুর ওপর কিছুটা চাপ পড়ে। যার ফলে সাময়িকভাবে পায়ে ঝিঁঝিঁ ধরা, অবশ ভাব বা হালকা ফোলাভাব দেখা দিতে পারে। তবে এটি দীর্ঘস্থায়ী কোনও ক্ষতির কারণ কি না, তা নিয়ে যথেষ্ট দ্বিমত রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, পায়ের ওপর পা তুলে বসা মানেই শরীর খারাপ হওয়া—এমন দাবির সপক্ষে জোরালো কোনও বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি।

অনেকেই মনে করেন ক্রস লেগ পজিশন মানেই ‘ভুল ভঙ্গিমা’। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, মানুষের শিরদাঁড়া যথেষ্ট মজবুত এবং নমনীয়। এটি বিভিন্ন ধরনের শারীরিক ভঙ্গি অনায়াসেই সহ্য করতে পারে। পিঠ বা কোমরের ব্যথার জন্য কেবল বসার ভঙ্গিমা দায়ী নয়; বরং দীর্ঘক্ষণ নড়াচড়া না করে একইভাবে বসে থাকাই আসল সমস্যা। শরীর যখন একঘেয়েমি অনুভব করে, তখনই সে ব্যথার মাধ্যমে সংকেত দেয় যে এবার ভঙ্গি বদলানো প্রয়োজন। সিঁড়ি দিয়ে ওঠা-নামা, দৌড়ানো বা ওজন তোলার সময় আমাদের হাঁটু ও হিপ জয়েন্ট যে পরিমাণ চাপ সহ্য করে, তার তুলনায় পায়ের ওপর পা তুলে বসার চাপ অতি সামান্য। তাই অল্প সময়ের জন্য এভাবে বসলে জয়েন্টের স্থায়ী কোনও ক্ষতি হয় না বললেই চলে।

শিরা ফুলে যাওয়ার সমস্যা বা ভেরিকোজ ভেইনস-এর জন্য অনেকেই ক্রস লেগ পজিশনকে দায়ী করেন। তবে চিকিৎসকদের মতে, এই সমস্যার মূল কারণ হল শিরার ভালভ ঠিকমতো কাজ না করা। এর পেছনে মূলত বয়স, বংশগতি, স্থূলতা, গর্ভাবস্থা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মতো কারণগুলো বেশি দায়ী। শুধুমাত্র বসে থাকার ভঙ্গিমা এই রোগ সৃষ্টি করে না।

বিশেষজ্ঞদের পরামর্শ হল, আপনি যেভাবেই বসুন না কেন, দীর্ঘ সময় ধরে একই ভঙ্গিতে বসে থাকবেন না। শরীরের রক্ত সঞ্চালন সচল রাখতে এবং পেশির উপর ক্রমাগত চাপ কমাতে মাঝেমধ্যেই বসার পজিশন বদলান। প্রয়োজনে কাজ চলাকালীন অল্প বিরতি নিয়ে একটু হেঁটে নিন। পরিশেষে বলা যায়, যদি পায়ের ওপর পা তুলে বসলে আপনি আরাম বোধ করেন, তবে অযথা দুশ্চিন্তার কারণ নেই। শরীরকে সচল রাখা এবং নিয়মিত বিরতিতে ভঙ্গি পরিবর্তন করাই সুস্থ থাকার আসল চাবিকাঠি।

 

Follow Us