
সামনেই পুজো, সুতরাং তার আগেই ঝটপট ঝরিয়ে ফেলতে হবে শরীরের বাড়তি মেদ। আবার নিজেকে সুস্থ রাখতে হলেও মেদহীন শরীর চাইই চাই। তবে কী করলে মিলবে সুফল? চারিদিকে নেট খুললেই হাজারো টিপস। তবে রোগা হতে চাইলে কিন্তু সাহায্য করতে পারে কেবল একটি ফল। তা হল শসা।
শসাতে আছে ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ খেকে শুরু করে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। রয়েছে কিছুটা পরিমাণে ফাইবার। আবার শসা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।
শসায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফলে অনেকটা জলীয় অংশ রয়েছে। তাই শসা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। তাই খাওয়ার কিছুক্ষণ পরেই আজেবাজে খেতে ইচ্ছা করে না। বাইরের খাওয়ার না খাওয়া হলেই ওজন কমে। শসা উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট বিপাকের হার বাড়ায়। বিপাক ক্রিয়া সচল থাকলে ঝটপট শরীরের মেদ ঝরে। তাই দ্রত ওজন কমাতে চাইলে রোজের ডায়েটে শসা রাখুন। ভাল হয় খাবারের সঙ্গে স্যালাড হিসাবে খেলে।
কেবল ওজন কমাতেই নয়, ডায়াবেটিস রোগীদের জন্য এই ফল বেশ উপকারী। শসার গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই কম। তাই শসা খেলে সুগার বাড়ার আশঙ্কাও কম। এতে মজুত ফাইবারের গুণে রক্তে উপস্থিত শর্করাকেও নিয়ন্ত্রণে রাখা যায়।
হাড়ের জোর বাড়াতেও উপযোগী শসা। শসাতে আছে ভিটামিন কে-এর ভাণ্ডার। যা হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে। আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও বেশ কাজে লাগে শসা। এই ফলের জল এবং ফাইবার আপনার পেট পরিষ্কার করতে সাহায্য করে।